নৌকা প্রতীক পেয়ে উচ্ছ্বসিত শাহজাহান ওমর যা বললেন

নাশকতার মামলায় জামিন পাওয়ার একদিন পরেই নৌকার প্রার্থী হয়ে ঝালকাঠি-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর পান্থপথের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এসময় শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি আরো উন্নত। তাই নৌকার হয়ে ভোট করবো। তিনি বলেন, আমি মনে করি ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না। এবার যাওয়ার উচিত ছিল।

নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, স্বতন্ত্র বলে কিছু আছে নাকি। আমি যখন একটা বেস্ট পার্টির প্রতীক পেয়েছি, তালহে স্বতন্ত্র কেন নির্বাচন করবো?

আপনি কি জয়ের নিশ্চয়তা পেয়ে নির্বাচন করছেন? জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, আমাকে মনোনয়ন দাখিল করতে বলেছে, করেছি। নৌকার প্রতীক বরাদ্দ পেয়েছি, আর কি চান।

এলাকায় উন্নয়ন করার জন্য এবং শান্তির জন্য নির্বাচন করছেন বলেও উল্লেখ করেন বিএনপির এই সিনিয়র নেতা।

বিএনপির নেতা শাহজাহান ওমরকে ৪ নভেম্বর রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁকে ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় তাঁকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়।

গতকাল বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এরপর আজ বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিলেন শাহজাহান ওমর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ দেখা হয়েছে কি না, এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, ‘দেখা হতেই পারে।’

ঝালকাঠি–১ আসনে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে, তাতেও এই আসনে বজলুল হকের নাম রয়েছে।

শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের ঘোষণা দেওয়ার পর তাঁকে বহিষ্কার করেছে বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *