অডিটোরিয়ামে স্কুলছাত্রী ধর্ষণ: উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নজর২৪, নরসিংদী- নরসিংদীর রায়পুরায় রাজিউদ্দিন অডিটোরিয়ামে ডেকে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বহিষ্কৃত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

 

ধর্ষণের অভিযোগের ৩৬ দিন পর শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

পুলিশ জানায়, গত ছয় মাস আগে ভিকটিমের সঙ্গে শাকিলের পরিচয় হয়। পরে দু‘জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে গত ২২ অক্টোবর সন্ধ্যায় ওই মেয়েটিকে বিয়ের কথা বলে রায়পুরা রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ডেকে আনা হয়। তারপর কাজী ডেকে বিয়ে করার কথা বলে বসিয়ে রাখা হয়।

 

পরে রাতে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে মেয়েটিকে ধর্ষণের পর একটি কক্ষে আটকে রাখেন শাকিল। তারপর বিষয়টি জানাজানি হলে শাকিল ঘটনাস্থল ত্যাগ করেন।

 

পরে পুলিশ এসে ওই মেয়েটিকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। পরে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে ২৩ অক্টোবর রায়পুরা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে শাকিলকে আসামি করে মামলা দায়ের করেন।

 

পরে দশম শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে ডেকে এনে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সভাপতি পদ থেকে তাকে বহিষ্কার করেন নরসিংদী জেলা ছাত্রলীগ। পরে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন হোসাইনকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

 

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ধর্ষণ মামলার আসামি ছাত্রলীগ নেতা আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ওসি জানান, ভুক্তভোগী ঐ ছাত্রীর সহযোগিতায় গোপন তথ্যের ভিত্তিতে মোবাইলের সূত্র ধরে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্ব রোডের পাশের একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *