Home প্রধান খবর আজ রাতের মধ্যে আটককৃতদেরকে মুক্তি দিতে হবেঃ হেফাজত

আজ রাতের মধ্যে আটককৃতদেরকে মুক্তি দিতে হবেঃ হেফাজত

0
83

নিজস্ব প্রতিবেদক, নজর২৪- হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে দ্বীনি মাহফিল বন্ধের প্রতিবাদে তাওহীদি জনতার মিছিলে লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

শুক্রবার ২৭ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

 

বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, দীর্ঘদিন যাবত তাওহিদী জনতা মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু শান্তিপূর্ণ এ প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সেই সঙ্গে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ করে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে।

 

এর প্রতিবাদে আজ বাদ জুমা তাওহিদী জনতা বায়তুল মোকাররম উত্তরগেট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচার লাঠিচার্জসহ প্রায় ত্রিশ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই সাধারণ ধর্মপ্রাণ জনতা। আজ রাতের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে।

 

সেই সঙ্গে ভাস্কর্য নির্মাণ বন্ধসহ দ্বীনি মাহফিলের অনুমতি দিতে হবে। ইসলামী নেতৃবৃন্দের নামে কটূক্তি ও বিষোদগার বন্ধ করতে হবে।

 

এর আগে শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইট থেকে ভাস্কর্যবিরোধী মিছিল বের করে বেশ কিছু মাদ্রাসা ছাত্র। এতে পুলিশ বাধা দিলে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে কাকরাইলে পুলিশ লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। এতে মিছিল পণ্ড হয়ে যায়। এসময়য় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।

 

এদিকে গ্রেপ্তারকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আল্টিমেটাম দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে তিনি এ কথা জানান।

 

আল্লামা মামুনুল হক বলেন, শিরকের প্রতীক মূর্তির বিরুদ্ধে কথা বলায় আমি যখন জুলুমের শিকার, এক মজলুমের পক্ষে দাড়াতে হাজারো তৌহিদী জনতা রাজপথে নেমেছে৷ তাদের এ বিক্ষোভ ছিল তাওহিদী চেতনার বহিঃপ্রকাশ৷ ছিল একত্ববাদ প্রতিষ্ঠা ও শিরকের প্রতীকের বিরুদ্ধে ক্ষোভ জানানোর কর্মসূচি৷ এই সাহসী জনতাকে সশ্রদ্ধ সালাম! তাদের উপর নির্মম লাঠিচার্জ ও নি’র্যা’ত’নের দৃশ্য জাতি দেখেছে ৷

 

এই আলেম আরও লিখেছেন, বিক্ষোভকারী প্রায় অর্ধশত তৌহিদী জনতাকে গ্রেফতার করা হয়েছে ৷  ২৪ ঘন্টার মধ্যে তাদের মুক্তি না দিলে বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়তে পারে। এক জুলুমের প্রতিবাদে হাজার মানুষের বিক্ষোভ হলে পরবর্তী জুলুমের প্রতিবাদে লক্ষ জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভ নেমে আসবে রাজপথে এটাই স্বাভাবিক। দায়িত্বশীল মহলের যথাযথ পদক্ষেপ এর প্রতীক্ষায় রইলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here