শাকিবকে ‘বাংলাদেশের শাহরুখ’ সম্বোধন ভারতীয় গণমাধ্যমে

ঢালিউডের অক্সিজেন হিসেবে বিবেচনা করা হয় সুপারস্টার শাকিব খানকে। কেননা মৃতপ্রায় এ চলচ্চিত্রাঙ্গনকে দীর্ঘদিন ধরে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। জনপ্রিয়তার বিচারেও দেশের অন্য তারকাদের চেয়ে এগিয়ে তিনি। তার এ জনপ্রিয়তা আঁচ করতে পেরেছে ভারতের মিডিয়া। দেশটির সংবাদমাধ্যম শাকিবকে ‘বাংলাদেশের শাহরুখ খান’ বলে সম্বোধন করছে।

প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান ছবিতে নাম লিখিয়েছেন শাকিব। ‘দরদ’ নামের এ ছবিটি নির্মাণ করছেন অনন্য মামুন। ছবিটির শুটিংয়ের কাজে বর্তমানে ভারতে আছেন তিনি। ফলে এ তারকাকে মুখোমুখি হতে হচ্ছে সেখানকার সংবাদমাধ্যমের।

জুম টিভির সংবাদকর্মী সামিনা শেখ সাক্ষাৎকার নেওয়ার সময় শাকিব খানকে বলেন, ‘শাকিব ভাই, আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! তাই না?’

জবাবে খানিক হেসে শাকিব বলেন, ‘না না। তিনি (শাহরুখ খান) একজন গ্রেট অভিনেতা। বিশ্বের টপ মোস্ট সুপারস্টারদের একজন। আমি সামান্য একজন অভিনেতা। তার সাথে আমার তুলনা হয় না। হয়তো ভক্তরা ভালোবেসে তাঁর সাথে আমাকে তুলনা করে।’

এ সময় নিজের ভক্তদের নিয়ে ঢালিউড কিং বলেন, ‘আমি গর্বিত আমার ভক্তদের জন্য, যাদেরকে সবাই ‘শাকিবিয়ান’ বলে। তাদের অফুরন্ত ভালোবাসার কারণে আজ আমি এখানে। আমার ভালো সময় হোক কিংবা খারাপ সময় হোক, শাকিবিয়ানরা সবসময় আমার পাশে থাকে।’’

শুধু ভারত নয়, পাকিস্তানেও রয়েছে শাকিবের পরিচিতি। এর আগে এক ভিডিওতে উঠে এসেছিল বিষয়টি। ওই ভিডিওতে দেখা গিয়েছিল উপস্থাপক শাকিবের ছবি দেখিয়ে দেশটির সাধারণ মানুষের কাছে তার পরিচয় জানতে চাইলে অধিকাংশই জানিয়েছেন তাকে চেনেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *