Home ফিচার বরখাস্ত এডিসি হারুনকে এবার রংপুর রেঞ্জে বদলি

বরখাস্ত এডিসি হারুনকে এবার রংপুর রেঞ্জে বদলি

0
69

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে নির্যাতনের ঘটনায় আলোচিত রমনা জোনের এডিসি হারুনকে বরখাস্তের একদিন পরই রংপুরে সংযুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক আদেশ জারির মাধ্যমে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, হারুন-অর রশীদ, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িকভাবে বরখাস্ত এবং পুলিশ অধিদফতরে সংযুক্ত)-কে রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হলো।

এর আগে সোমবার জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এডিসি হারুন অর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ঢাবির ফজলুল হক হল শাখার সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুন অর রশিদের বিরুদ্ধে।

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, এডিসি হারুন শনিবার রাতে এক নারীর সঙ্গে বারডেম হাসপাতালে আড্ডা দিচ্ছিলেন। সেসময় ওই নারীর স্বামী কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তাদের দুজনকে একসঙ্গে পান।

সেখানে ছাত্রলীগের নেতাদের সঙ্গে এডিসি হারুনের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে পুলিশ ফোর্স নিয়ে এসে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে শাহবাগ থানায় নিয়ে মারধর করেন পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদ।

খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম মাকসুদুর রহমান থানায় ছুটে যান এবং আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here