‘প্রিয়তমা’র সকল রেকর্ড ভেঙে দিতে আসছে ‘রাজকুমার’

দেশের ইতিহাসে অন্যতম ব্যবসা সফল সিনেমার তকমা পেয়েছে গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ঢাকাই সুপারস্টার শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’।

ছবিটির সাফল্যের পর এবার শাকিবকে দেখা যাবে ‘রাজকুমার’ সিনেমায়। যেটি নির্মাণ করবেন ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ। ফলে ভক্তদেরও এই ছবিটি ঘিরে প্রত্যাশার পরিমাণ বাড়ছে।

জানা গেছে, আগামী ঈদুল ফিতর টার্গেট করেই ‘রাজকুমার’ সিনেমার কাজ শুরু হবে। ছবিটিতে শাকিব খানের নায়িকা থাকবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। আসছে নভেম্বরে যুক্তরাষ্ট্রে শুটিং শুরু হবার কথা রয়েছে।

এসবের মধ্যেই রোববার দুপুরে এক ফেসবুক পোস্টে নতুন কথা জানালেন হিমেল। যেখানে তিনি লিখেছেন, গত ঈদের আগে বলেছিলেন প্রিয়তমা আসছে, নতুন ইতিহাস গড়তে। আজ বলে গেলাম শাকিব খান এবং আশরাদ আদনান নতুন কিছু নিয়ে আসছে যা ভেঙে দেবে ‘প্রিয়তমা’র সকল রেকর্ড।

এ বিষয়ে এই নির্মাতা বলেন, আমরা শিগগির আমাদের পরিকল্পনা জানাবো। এতটুকু নিশ্চিত যে আগামী রোজার ঈদে আমরা ‘রাজকুমার’ নিয়ে আসছি।

হিমেল আরও বলেন, ‘রাজকুমার’র গল্পটা নিয়ে আমি এতোটা আশাবাদী যে, আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি এটি ‘প্রিয়তমা’র সকল রেকর্ড ভেঙে দেবে এবং তাই হবে।

এদিকে ‘প্রিয়তমা’ প্রযোজনা করেছেন আশরাদ আদনান। এবার তিনি ‘রাজকুমার’র সঙ্গেও যুক্ত হবেন। আশরাদ জানান, ‘প্রিয়তমা’ প্রায় ৩৭ কোটি টাকার গ্রস সেল হয়েছে। যা ইতিমধ্যেই অলটাইম ব্লকবাস্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *