নব্বই দশকে টেলিভিশন নাটকে যাত্রা শুরু করেন মাহফুজ আহমেদ। ‘কোথাও কেউ নেই’ নাটক তার ক্যারিয়ারের শুরুর দিকে ইতিবাচক ভূমিকা রেখেছে। তারপর থেকে পেছনে ফিরে তাকাতে হয়নি দেশের তুমুল দর্শকপ্রিয় এই অভিনেতাকে।
নাটক ও সিনেমা— দুই মাধ্যমেই তুমুল ব্যস্ততা নিয়ে অভিনয় করে গেছেন বছরের পর বছর। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন, নাটক পরিচালনাও করেছেন। জয়া আহসানকে নিয়ে ‘চৈতা পাগল’ ধারাবাহিক নাটক পরিচালনা করে ব্যাপকভাবে প্রশংসিত হন মাহফুজ আহমেদ। ওই নাটকে চৈতা পাগলের চরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।
অন্যদিকে বেশ কিছু সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় জীবনকে সমৃদ্ধ করেছেন, পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
তবে অনেক বছর ধরেই অভিনয়ে নেই মাহফুজ আহমেদ। এবার ঈদে তিনি ফিরছেন লম্বা বিরতি শেষে, তা-ও আবার বড় পর্দায়। তার অভিনীত নতুন সিনেমার নাম ‘প্রহেলিকা। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তার সঙ্গে জুটি বেঁধেছেন বুবলি। ‘প্রহেলিকা’ সিনেমায় মাহফুজ আহমেদ অভিনয় করেছেন মনা চরিত্রে।
সিনেমাসহ অন্যান্যা প্রসঙ্গে সম্প্রতি ডয়চে ভেলেতে কথা বলেছেন মাহফুজ আহমেদ। তার কিছু অংশ নজর২৪ এর পাঠকদের তুলে ধরা হলো-
ডয়চে ভেলে : আপনার ব্যস্ততা এখন কী নিয়ে?
মাহফুজ আহমেদ : আমার ‘প্রহেলিকা‘ সিনেমাটি এখন হলে। আবার ওটিটি প্ল্যাটফর্ম হৈচৈ’র জন্য আট পর্বের একটি ওয়েব সিরিজের কাজ করছি, যেটা পরিচালনা করছেন শাফায়েত মনসুর রানা। মধ্যদিনে শ্যুটিং শুরু হয়ে মধ্য রাতে শেষ হয়। দিনের কোনো একটা সময় সুযোগ পেলে ছবির প্রচারণায় অংশ নিচ্ছি। গত দেড়মাস ধরে এমন শিডিউল চলছে।
‘প্রহেলিকা’ কেমন চলছে?
‘প্রহেলিকা’ সিনেমাটি প্রতিটা সিনেপ্লেক্সেই চলছে। সবগুলো শো হাউজফুল হচ্ছে। শুধু প্রহেলিকায় না, প্রিয়তমা, সুড়ঙ্গ সবকটি ছবির পাবলিক রেসপন্সই ভালো। হলের এমন চিত্র বহুদিন ধরে দেখা যাচ্ছিল না। উচ্চবিত্ত শ্রেণির দর্শকেরা হলে ফিরেছে। দর্শকরা বাবা, মা, খালা, ফুপুদের নিয়ে ছবি দেখতে এসেছে।
গণমাধ্যমে বলেছেন, অন্য অভিনেতার ছবি দেখতে যাবেন। দেখা হয়েছে?
ওয়েব সিরিজটির কাজে দুই বেলা শ্যুটিং করতে হচ্ছে এখন। ছবির প্রচারণা নিয়েও ব্যস্ত। এর মধ্যে নিজের ছবি প্রহেলিকাই দেখা হয়নি। তবে আমি দেখতে যেতে চাই। আমি যেটা বলেছি, অনেস্টি থেকে বলেছি। আমি বিশ্বাস করি, আমরা যদি সবাই একে অপরের ছবি দেখি, সেটা দর্শকদের মধ্যে এক ধরনের হারমোনি তৈরি করবে। তখন আমরা কেউ কাউকে আক্রমণ করবো না। দর্শকদের মাঝেও সহমর্মিতা তৈরি হবে। সেটা ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। আমি শাকিব, নিশোকে বলেছি, ওরা দেখুক না দেখুক আমি দেখবো।
আপনি এক সাক্ষাৎকারে বলেছেন, আগে অভিনেতা-অভিনেত্রীদের সার্কেলে থাকতো কবি, সাহিত্যিক, মিউজিশিয়ানরা, এখন সেটা হয় না, এ কারণে ‘কালচারেল আইকন’ হিসেবে এখনকার কোনো তারকাকে সেলিব্রেট করা যায় না। তরুণরা কীভাবে ‘কালচারেল আইকন’ হবেন?
আমি কালচারাল আইকন বলতে বুঝি-একজন আফজাল হোসেন, হুমায়ুন ফরিদী, সুবর্ণা, গোলাম মোস্তফা, আবুল হায়াত, আবুল খায়ের… একজন ববিতা। তাঁদের দিকে তাকালে বুঝা যায় কালচারেল আইকন কারা হয়, কিভাবে হয়। সারাজীবন অসংখ্য কাজ করলাম, ছবি হিট দিলাম, কোটি কোটি টাকার ব্যবসা দিলাম, কিন্তু জীবনসায়াহ্নে এসে সম্মান নিয়ে আমার একটা কাজের কথা উচ্চারণ করতে পারি না। যিনি আইকন হবেন তার কাজ নিয়ে আমরাই বলবো- উনি ওই কাজগুলোর জন্য সারাজীবন আমাদের কাছে বেঁচে থাকবেন।
আজকাল আপনি প্রায়ই শাকিব খানকে নিয়ে কথা বলেন। অন্য তারকার বিষয়ে এত প্রশংসামূলক মন্তব্য কমই দেখা যায়। কিন্তু ভারতে শাহরুখ কিংবা আমির খান নতুনদের ছবি প্রযোজনা করেন, তাদের প্রোমোট করেন- শাকিব কি সেরকম কোনো ভূমিকা রাখতে পারতেন বলে মনে হয় না?
শাকিব কী করতে পারতেন, কী পারতেন না সেটা তিনি ভালো বলতে পারবেন। শাকিব কিভাবে তৈরি হয়েছেন সেটা আমি দেখেছি। একটু করে করে, এক ফোঁটা এক ফোঁটা করে শাকিব তৈরি হয়েছেন। ঢাকার বাণিজ্যিক ছবির অপরিহার্য হিসেবে সে নিজেকে গড়ে তোলেছে। তার বিকল্প কেউ নেই। আপনি দেখেন, কমার্শিয়াল ছবির ধারাটা যতটুকু আছে, সে ধরে রেখেছে। আমি তাকে অ্যাপ্রিশিয়েট করবো না? ফর্মুলার ছবি করে, এফডিসিকেন্দ্রিক- এসব বলে তার পরিশ্রম ও ত্যাগকে আমি অগ্রাহ্য করতে পারি না। আমি মনে করি, এই সম্মান শাকিবের প্রাপ্য।
যারা সত্যিকার অর্থে ভালো নির্মাতা, যেমন মোস্তফা সরওয়ার ফারুকী, মেসবাউর রহমান সুমন, গিয়াস উদ্দিন সেলিম- উনারা যদি একজন শাকিবকে নিতেন, ‘নতুন শাকিব খান’ কিন্তু তৈরি হতো। সে-ও তখন বোঝাতে পারতো কমার্শিয়াল ছবির পাশাপাশি প্যারালাল মুভি বা আমরা যাকে ‘ভালো ছবি’ বলি, সেরকম কিছু একটা আছে। এখানে দায় কিন্তু যারা অন্যধারার ছবি বানান, তাদের। আমরা যাদের খুব ভালো মেকার বলি, তারাও শাকিবকে নিয়ে খুব একটা চেষ্টা করেছেন বলে জানি না। আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক ছোট। শাকিব কেবল নিজের পেছনে বিনিয়োগ করছে। সে করছে না বলে আপনি তার উপর দায় চাপিয়ে দিলে ভুল হবে। অন্যের পেছনে বিনিয়োগ করার অবস্থা আমার মনে হয় না ওর হয়েছে।
