ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা বুবলী ও পরীমণি। তাদের নিয়ে এবার সিনেমা নির্মাণের কথা ভাবছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ঝন্টু বলেন, বুবলীকে কিন্তু আমার নায়িকা হিসেবে বেশ ভালো লাগে। বুবলীকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবছি। আমার বুবলী ও পরীমনিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে। আমি ওদের ছবি বেশি দেখিনি।
আমি শুধু বুবলীর একটি সিনেমা দেখেছি। সেখানে সে ভালো অভিনয় করেছিল। তবে অপু বিশ্বাসের ছবি আমি হলে গিয়ে দেখিনি। যতটুকু দেখেছি, বিভিন্ন গানের অভিনয়ে। তবে নিঃসন্দেহে ভালো আর্টিস্ট অপু বিশ্বাস।
এদিকে এবার ঈদে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘প্রিয়তমা’ ছবিটি দেশ-বিদেশে দর্শকের সমাদর পাচ্ছে। অনেকের ধারণা, শাকিবের স্থান দখলের মতো এখনও কেউ তৈরি হননি। নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুও তাই মনে করেন।
তিনি বলেন, ‘এটুকু বলতে পারি— শাকিব খানকে হিট করার মতো এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। তবে একসময় তৈরি হতে পারে। শাকিব খানের প্রথম সুপারহিট ছবি কিন্তু আমার হাতে তৈরি। ওই সময় শাকিব বলেছিল— আংকেল এ ছবিটা যদি সুপার হিট হতো তা হলে আমার খুব উপকার হতো।’
এ সময় শাকিব-অপু বিশ্বাস-বুবলীর চলমান দ্বন্দ্ব নিয়েও কথা বলেছেন ঝন্টু। তার ভাষ্য, ‘তিনজনকেই দর্শক পছন্দ করেন। ওদের উচিত শুধু চলচ্চিত্র নিয়ে ভাবা। এক নায়িকা আরেক নায়িকাকে নিয়ে কাদা ছোড়াছুড়ি করে। একে অপরের হিংসা করে। এগুলো ঠিক না। যার যার যখন ছবি মুক্তি পাবে, মানুষ তখন দেখবে। সিনেমা যদি ভালো হয় দলে দলে দর্শকরা আসবে। ভালো না হলে দর্শকরা আসবে না। আর তাদের দাম্পত্য জীবন নিয়ে কথা বলতে চাই না। কারণ আমি এগুলো নিয়ে কথা বললে তারা হতাশ হবে।’
