২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
আজ সোমবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারী সেই সূচি পাল্টে দেয়।
২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সময়মত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নেওয়া যায়নি সে বছর। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে।
২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর চলতি ২০২৩ সালের পরীক্ষা আরও এগিয়ে এনে ৩০ এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।
