শিল্পী সমিতি ঠিক হয়েছে বলেই এখন সিনেমায় জোয়ার বইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ আক্তার।
শুক্রবার (০৭ জুলাই) রাতে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমাসে ‘লাল শাড়ি’ সিনেমা দেখতে গিয়ে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে এ কথা বলেন নিপুণ আক্তার।
তিনি বলেন, ‘আগে সিনেমার ফাউন্ডেশন নষ্ট ছিল, সেটা আমরা ঠিক করেছি’। তিনি বলেন, ‘সবসময় ফাউন্ডেশন ঠিক রাখতে হবে। এটা ঠিক থাকলে সিনেমার অবস্থা ভালো হবে।’
নিপুণ বলেন, ‘দুই বছরের মধ্যে আমরা এফডিসিকে একটু এগিয়ে নিয়েছি। ইনশাআল্লাহ, ২০২৪ সালের ঈদে আপনারা দেখবেন বাংলাদেশে বিশাল একটা জোয়ার, কিছু বয়ে যাচ্ছে। আমি নির্বাচন থেকে যা কিছু বলে আসছি তা করছি।’
সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে এই অভিনেত্রী বলেন, ‘এখন কেন সিনেমা ভালো হচ্ছে। এর আগে ভালো সিনেমা হয়নি? আগেও ভালো সিনেমা হয়েছে। তবে সিনেমার ফাউন্ডেশন ভালো ছিল না। যা এখন ঠিক হয়েছে। এসবের জন্য আমরা কাজ করছি। ২০২৪ সালের ঈদে আপনারা অনেক বড় কিছু দেখতে পাবেন।’
সরকারি অনুদানে সিনেমা নির্মাণের বিষয়ে নিপুণ বলেন, ‘অনুদান বলে কোনো কথা নেই। সিনেমা, সিনেমাই। আপনি কিভাবে উপস্থাপন করবেন সেটি আপনার দায়িত্ব। অপু ভালোভাবে তার সিনেমাটা উপস্থাপন করেছেন। অনুদানে যে টাকা দেওয়া হয়েছে তার চেয়ে বেশি খরচ করে অপু এটি নির্মাণ করেছেন।’
এখনকার প্রযোজক ও পরিচালকদের উদ্দেশ্যে এই নায়িকা বলেন, ‘আপনারা অনুদানের উপর নির্ভর করবেন না। একটা গল্পের সঙ্গে সরকার অর্থ দিয়ে সহযোগিতা করছে। সেখানে আপনাকেও কিছু দিয়ে কাজটি সুন্দর করতে হবে। তখনই একটি ভালো সিনেমা নির্মিত হবে। যার প্রমাণ ‘লাল শাড়ি’।’
