তারেক রহমান আর গণতন্ত্র ফেরা ‘এক সূত্রে গাঁথা’: গয়েশ্বর

নজর২৪, ঢাকা- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসা আর দেশে গণতন্ত্র ফিরে আসা ‘একই সূত্রে গাঁথা’ বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারি তাহলে তারেক রহমান ফিরে আসবে। এখানে কিন্তু জেল-জুলুমের ভয় না।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিক্রিয়ায় গয়েশ্বর বলেন, “ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভেন্টিলেশন আছে, লাইফ সাপোর্টে আছে। ওবায়দুল কাদের সাহেব আপনারা পুরো দেশটাকে তো লাইফ সাপোর্টে রাখছেন।

 

“এখন ইনডিভিজুয়ালি কোন দল, কোন ব্যক্তি লাইফ সাপোর্টে আছে- এটা নির্ণয় করা তো খুব কঠিন। কারণ দেশটা টিকবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছে মানুষ। কে যে ভেন্টিলেশনে আছেন, কে যে নাই- এটা অনুধাবণ বা উপলব্ধি করতে যদি পারতেন তাহলে অনেক আগেই মন্ত্রিসভা ছেড়ে দিতেন।”

 

সরকার প্রধানকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, “আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন, দেশটা আপনারও হাতে নাই। আপনি তো প্রধানমন্ত্রী না, আপনি হলেন পুতুল। আপনি নাচেন, আপনাকে কে নাচায় সেটা আপনিই ভালো করে জানেন। আমরা পুতুল নাচ দেখতেছি গণভবনে।”

 

তিনি বলেন, দলের অনেকে বলেন আগামী দিনের নেতা তারেক রহমান। আমি আপনাদের এ কথার সঙ্গে একমত নই। তারেক রহমান ইতোমধ্যেই তো আমাদের নেতা। তারেক রহমানের সম্ভাবনা কতটুকু তা নিয়ে আমরা যতটুকু গুরুত্বের সঙ্গে ভাবি। তার থেকে বেশি গুরুত্বের সঙ্গে ভাবেন আওয়ামী লীগ ও শেখ হাসিনা।

 

সাবেক এই মন্ত্রী বলেন, ‘অনেকে বলে তারেক রহমান বিদেশ থেকে কী করবে? শেখ মুজিব জেলে ছিলেন, দেশ স্বাধীন হয় নাই? তারেক রহমান দেশের বাইরে থাকলে গণতন্ত্র উদ্ধার হবে না। আমি বলি- এসব চিন্তা আপনারা কোথায় পেলেন? তিনি তো দৃশ্যত বাইরে আছেন। কিন্তু প্রতিনিয়ত আপনার আমার অন্তরে আছেন, ভাবনায় আছেন, চিন্তায় আছেন, চেতনায় আছেন। প্রতিদিন, প্রতি মুহূর্তে তার সাথে আমরা রাজনৈতিক আলোচনা করছি। আলোচনা করে আমরা আমাদের চলার পথের কৌশল ঠিক করছি।

 

আমরা অন্তর থেকে হৃদয় থেকে তারেক রহমানের জন্য দোয়া করি। তারেক রহমান সুস্থ হবেন এবং দেশে ফিরবেন। আগামীদিনের জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব তিনি সশরীরে দেবেন। বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হবে। স্বাধীন সার্বভৌম চেতনায় জাতি উজ্জীবিত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *