আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের উন্নত দেশগুলোর চিকিৎসা বিজ্ঞানীরা করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য দিনরাত কাজ করে যাচ্ছে, এরই মধ্যে বেশকয়েকটি দেশ করোনার টিকা তৈরীরর ঘোষনা দিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোন দেশ স্বাভাবিক প্রক্রিয়ায় টিকার প্রয়োগ শুরু করেনি। তবে ডিসেম্বরের শুরুর দিকে আমেরিকা, ব্রিটেন ও জার্মানি প্রাণঘাতী করোনাভাইরাসের টিকার প্রয়োগ শুরু করতে পারে। এ ছাড়া জানুয়ারির মধ্যে টিকার কার্যক্রম শুরু করতে পারে স্পেন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা আগামী ১১ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে করোনার টিকার প্রয়োগ শুরু করতে পারে। সংশ্লিষ্ট দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেে একটি বিদেশী গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য ও জার্মানি আসছে ডিসেম্বরের মধ্যেই তাদের জনগণকে কোভিড-১৯ এর টিকা দেওয়ার পরিকল্পনা করেছে। এ লক্ষ্যে যুক্তরাজ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুরুতেই ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকা ব্যবহারের জন্য অনুমোদন দিতে পারে। একই পরিকল্পনা করছে জার্মানিও।
প্রসঙ্গত, ফাইজার ও বায়োএনটেকের তৈরি ভ্যাকসিন চূড়ান্ত ট্রায়ালে ৯৫ ভাগ কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে। এর পরই মূলত যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলো সেটিকে জরুরিভাবে ব্যবহারের অনুমতি দিচ্ছে। অন্যদিকে, গত সপ্তাহে মডার্নার প্রস্তুতকৃত ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর হিসেবে প্রমাণ হয়েছে।
বিদেশী গণমাধ্যমটি আরো লিখেছে, ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের আগেই অনুমোদন দিতে পারে যুক্তরাজ্য। এ লক্ষ্যে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) আগামী ১ ডিসেম্বরের মধ্যেই প্রস্তুত থাকতে বলা হয়েছে। অবশ্য ঠিক কবে থেকে ভ্যাকসিন প্রয়োগ করা হবে সে বিষয়ে রোববার পর্যন্ত সুনির্দিষ্ট কিছু জানায়নি যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ। দেশটি ইতোমধ্যে ফাইজারের টিকার ৪ কোটি ডোজ কেনার আদেশ দিয়েছে। এর মধ্যে চলতি বছর ১ কোটি ডোজ পাওয়ার আশা করছে লন্ডন। আর সেটা পেলে ৫০ লাখ মানুষের সুরক্ষায় যথেষ্ট বলে মনে করছেন দেশটি কর্মকর্তারা।
অন্যদিকে, জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান রোববার বলেছেন, তারাও ডিসেম্বরের মধ্যে করোনার টিকা দেওয়া শুরু করবেন। এ ছাড়া স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন, তার দেশ জানুয়ারিতে করোনার টিকা দেওয়া শুরু করবে। দেশের সব জনগণকে তিন মাসের মধ্যে টিকা দিতে পারবেন বলেও আশা করেন তিনি।
অন্যদিকে, হোয়াইট হাউসের টিকা বিষয়ক প্রধান কর্মকর্তা ডা. মোনসেফ স্লাউয়ি ঘোষণা দিয়েছেন যে, তারা ডিসেম্বরের মাঝামাঝির আগেই জনগণকে করোনার টিকা দেওয়া শুরু করবেন।
