মধ্যরাতে পরীমণি বললেন, অনেক কষ্ট আর আনন্দ নিয়ে বাসায় ফিরলাম

দেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। প্রেক্ষাগৃহে চলছে এই নায়িকার ‘মা’ সিনেমাটি। নির্মাণ করেছেন অরণ্য আনোয়ার। এই সিনেমায় প্রথমবার ‘মা’ চরিত্রে ধরা দিয়েছেন তিনি। হলে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস বলে অভিনয় ও সংলাপে ছিলেন অনবদ্য।

বুধবার (৩১ মে) সন্ধ্যায় নিজের অভিনীত সিনেমা ‘মা’ দেখতে পুত্র রাজ্যকে নিয়ে স্টার সিনেপ্লেক্সে হাজির হন পরীমণি। দর্শক ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেন তিনি। তবে বিপত্তি বাধে শো শেষ হতেই। সেখানেই বিরক্ত প্রকাশ করেছেন পরীমণি।

কথা দিয়েছেন সিনেমা দেখা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন পরী। কথা রাখতেই সন্তান রাজ্যকে নিয়ে পা বাড়ান। বের হতেই ক্যামেরার লাইটের উচ্চ আলোয় ভয় পেয়ে যান নায়িকার একমাত্র সন্তান। এসময় ইউটিবারদের উদ্দেশ্যে পরীমণি বলেন, ‘আলোটা নেভান, বাচ্চার চোখে লাগছে। আমার বাচ্চাটা ভয় পাচ্ছে, আপনারা কি পাগল’।

তবে সন্তানের জন্য মায়ের আকুতি শোনেননি ইউটিবাররা। এমন পরিস্থিতিতে মূলধারার গণমাধ্যমকর্মীদের সহায়তায় পুত্র রাজ্যকে নিয়ে বাধ্য হয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন পরীমণি৷

পরে বিষয়টি নিয়ে বুধবার (৩১ মে) দিবাগত রাত ৩টার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন আলোচিত অভিনেত্রী পরীমণি। তিনি জানান, একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়েছিলেন। সিনেমা শেষে হল থেকে ফেরার সময় উশৃঙ্খল অবস্থা তৈরি হওয়ায় বাজেভাবে ভয় পেয়েছেন তার ছেলে। এ কারণে কাছের দাওয়াত করা মানুষদের সঙ্গে কথাও বলতে পারেননি নায়িকা।

অভিনেত্রী লেখেন, ‘আজ আমি একসঙ্গে অনেক কষ্ট আর অনেক আনন্দ নিয়ে বাসায় ফিরলাম ‘মা’ সিনেমা দেখতে গিয়ে। কষ্ট পেয়েছি কারণ, আমার সন্তান অনেক ভয় পেয়েছে। রাজ্য যখন অনেক ছোট তখন থেকেই আমি ওকে নিয়ে হলে গিয়ে সিনেমা দেখেছি অনেকবার। শো শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছি, সবসময় সুন্দর শৃঙ্খলা পরিবেশে।’

তিনি লেখেন, ‘আজকে এমন উশৃঙ্খল অবস্থা তৈরি করল কেউ কেউ, তাতে বাজেভাবে আমার ছেলে ভয় পেল। কতো কাছের মানুষজনকে দাওয়াত করে একটা হ্যালোও করতে পারি নাই তাদের সঙ্গে আমি। অথচো আমি আপনাদের সবার সঙ্গে সিনেমা দেখব, কথা বলব বলেই তো গিয়েছিলাম।’

‘হল থেকে বেরোনোর সিঁড়ির মুখে এত এত ক্যামেরা আর লাইট দিয়ে আটকে রাখলেন কেউ কেউ। আমি বার বার রিকোয়েস্ট করলাম বের হওয়ার পথটা ছেড়ে দেয়ার জন্য। আপনাদের মধ্যে অনেকেই বলছিল আমাকে পথ ছেড়ে দিয়ে লবিতে ক্যামেরা সেট করার জন্য। এই নিয়ে আপনারা নিজেদের মধ্যে ঝামেলা শুরু করলেন যেটাতে ছেলেটা ভয় পেয়ে গেল। আপনারা ছেলেটার জন্য একটু সহনশীল হতে পারতেন। কেন যে এমন করলেন।’

সবশেষ এ অভিনেত্রী লেখেন, ‘আর খুশি এই জন্য যে, আপনাদের মধ্যেই কত মানুষ আমাকে মন থেকেই কত ভালোবাসেন, কেয়ার করেন। সবাইকে ধন্যবাদ।’

উল্লেখ্য, অভিনেতা ও স্বামী শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় মন ভালো নেই আলোচিত চিত্রনায়িকা পরীমণির। তবে বিয়ের থেকে স্বামী এবং একমাত্র সন্তান রাজ্যের জন্মের পর বেশ ভালোই চলছিল তাদের সংসার। নিজেদের মধ্যে পারিবারিক যখন ছোট সমস্যা চলছে, সেই সময় একমাত্র ছেলেকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে অনেক কষ্ট এবং আনন্দ নিয়ে বাসায় ফিরেছেন পরীমণি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *