নায়ক ফারুকের ছবি দেখে অভিনয়ে এসেছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার মতো অভিনেতা এদেশে আর আসবেন কিনা তা নিয়েও ভাবেন ইলিয়াস কাঞ্চন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের স্মৃতিচারণ করে এসব কথা বলেন তিনি।
ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এখন আমরাও মৃত্যুর অপেক্ষায় দিন গুণছি। কখন যে চলে যাই বুঝতে পারছি না। বলতে গেলে সবাই চলে যাচ্ছে। রাজ্জাক ভাই, ফারুক ভাই, জাফর ইকবাল- মানুষগুলো যখন ছিলো তখন চলচিত্রের সুদিন ছিলো।’
তিনি বলেন, আমি নিজেও ফারুক ভাইয়ের ছবি দেখে চলচিত্রে এসেছি। ফারুক ভাই যেসকল ছবিতে অভিনয় করেছেন সেগুলো সত্যি অসাধারণ। কোনোভাবেই চিন্তা করা যায় না। কথার এক ফাঁকে বলেন, ‘গোলাপি এখন ট্রেনে, নয়নমণি, লাঠিয়াল ছবিগুলো যে আবেদন সেগুলো সত্যি ভীষণ বাস্তব। চরিত্রগুলোকে মানুষ ভালোবাসতো। সেই সময় মানুষ এসব ছবির জন্যই হলে যেতো।’
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, এখন চলচিত্রে উনাদের মতো মানুষের ভীষণ অভাব। ফারুক ভাইয়ের জায়গাতে আরেকজন আসবেন সেটা আমি খুঁজে পাই না। যে তার স্থান নিতে পারবেন। উনার (নায়ক ফারুক) মতো শিল্পী আর তো হলো না এদেশে। কেউই আসলো না। চলচিত্রের উত্থান দেখে যেতে পারবো কিনা জানি না- যোগ করেন তিনি।
আজ সোমবার সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।
