প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষের মাঝেই তিনি পরিবারের স্বজনদের খুঁজে পান এবং দেশের মানুষ ভালো থাকলেই নিজে ভালো থাকেন।
শনিবার (২২ এপ্রিল) সকালে গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় দেয়া বক্তব্যে তিনি বলেন, ‘সবাইকে হারিয়ে আজ আমার কেউ নেই৷ দেশের মানুষের মাঝেই পরিবারের স্বজনদের খুঁজে পাই৷ ব্যক্তিগত জীবনে আমার চাওয়া-পাওয়ার কিছু নেই৷ দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি৷’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি আমার বাবার কাছ থেকে শিখেছি দুঃখি মানুষের মুখে হাসি ফুটানো। এ দেশের মানুষের কল্যাণ করা। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। আমি চেষ্টা করে যাচ্ছি সে কাজই।
প্রধানমন্ত্রী বলেন, চলতি মাসে ঢাকায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তার মধ্যে বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে সবচেয়ে বড় দুটি অগ্নিকাণ্ড হয়। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সন্দেহ প্রকাশ করেন অনেকে। এছাড়া অনেক মন্ত্রী-এমপিও ধারাবাহিক অগ্নিকাণ্ড নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তিনি বলেন, নিউমার্কেট-বঙ্গবারজারসহ অন্যান্য এলাকায় কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিসন্ত্রাসীদের কোনো চক্রান্ত আছে কিনা দেখতে হবে।
শেখ হাসিনা বলেন, এসব আগুনে যেসব ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার দিয়েছি।
এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টা থেকে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। তিন বছর বিরতির পর প্রধানমন্ত্রী দলের নেতাকর্মী এবং কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।
