Home প্রধান খবর ঈদে চাহিদার শীর্ষে শাকিব খান, শতাধিক হলে চলবে ‘লিডার’

ঈদে চাহিদার শীর্ষে শাকিব খান, শতাধিক হলে চলবে ‘লিডার’

0
143

সিনেমাপ্রেমী থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে চাহিদার শীর্ষে শাকিব খান। গত দেড়যুগ ধরে সিনেমা মুক্তির আগে হল বুকিং এর ক্ষেত্রেও সংশ্লিষ্টরা এই সুপারস্টারের ছবি খোঁজেন! আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

চালু থাকা দুই তৃতাংশ হলে চলবে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় নির্মিত এ ছবি পরিবেশনা করছে এম এম মঞ্জুর রহমান।

তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে শাকিবের ছবির চাহিদা অন্যরকম। তার নতুন ছবি না পাওয়ায় পুরাতন ছবি চালানো হয়। এক বছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবেন হিরোর ছবি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।”

তিনি আরও বলেন, ‘গত ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিল। এবারও তেমন হবে। সেই হিসেবে প্রায় দুই শর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের অনেক বাকি। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে আমরা সম্প্রতি ছবিটির বুকিং নেওয়া শুরু করেছি।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির নির্মাতা তপু খান। এতে শাকিবের বিপরীতে আছেন শবনম বুবলী। ২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে রাজধানীর তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়ার স্টুডিওতে সিনেমাটির নাম ঘোষণা এবং শিল্পীদের চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। সেদিন প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে শাকিব খান, শবনম বুবলী ও তপু খানের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হয়। সম্ভবত এটিই এ জুটির শেষ ছবি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here