প্রায় একযুগ আগে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার একটি ঘনিষ্ঠ ভিডিও ফাঁস হয়েছিল নেট-দুনিয়ায়। সেই ঘটনাটির জেরে তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। স্ক্যান্ডালের বিষয়ে ভুল স্বীকার করে জনসম্মুখে ক্ষমা প্রার্থনা করে ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে নোটিশ পাঠানো হয়েছে।
ফলে এক যুগ আগের সেই ঘটনায় নতুন করে বিপাকে পড়েছেন প্রভা। এদিকে অভিনেত্রীর এই দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে অভিনয় শিল্পী সংঘ। বিষয়টিকে দুঃখজনক আখ্যা দিয়ে গণমাধ্যমকর্মীদের কাছে সুবিচার চেয়েছেন সংগঠনটির সভাপতি আহসান হাবিব নাসিম।
এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমরা এখনও এমন কোনো নোটিশ বা চিঠি পাইনি। একজন ভিকটিমাইজড অভিনেত্রীকে নিয়ে ১২ বছর পর আবার বিষয়টা প্রকাশ্যে আনাটা দুঃখজনক। এ সময় সংবাদমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খবরটি প্রকাশের আগে আপনাদের সুবিবেচনার জন্য অনুরোধ করছি।’
বৃহস্পতিবার (২৩ মার্চ) ডাক বিভাগের রেজিস্ট্রি ৫১৪ নম্বর রশিদের মাধ্যমে এডিসহ (প্রাপ্তিস্বীকার) লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, প্রযত্নে আহসান হাবিব নাসিম, অভিনয়শিল্পী সংঘ কার্যালয় ১০/এ, ব্লক-এ রোড নম্বর ২, নিকেতন, গুলশান-১ ঢাকা, এই ঠিকানায় পাঠানো হয়। ০৫৫/২৩ রেফারেন্স নম্বরীয় লিগ্যাল নোটিশটি আগামী কয়েকদিনের মধ্যে প্রভার উল্লেখিত ঠিকানায় পৌঁছাবে।
লিগ্যাল নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী কুমিল্লা শহরের বাসিন্দা। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজকোর্টের আইনজীবী হিসেবে কর্মরত।
সাত দিনের মধ্যে জবাব না দিলে ভাইরাল হওয়া স্ক্যান্ডালের কারণে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করার ঘোষণা দেন ওই আইনজীবী।
