দেশের প্রায় সব এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দিনটি কেটেছে। আগামী তিনদিনও সারা দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
মার্চ মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং একদিন তীব্র কালবৈশাখী বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ২২ মার্চ পর্যন্ত ঝড়বৃষ্টির প্রবণতা থাকবে। এ সময় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সামান্য কমতে পারে। এরপর সপ্তাহ শেষে আবার তাপমাত্রা বাড়তে পারে।
রোববার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে ৫৩ মিলিমিটার। এ সময় ঢাকায় ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক বলেন, আজ যে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায় এ বছরে সর্বোচ্চ। এমন মেঘলা আকাশ ও মাঝেমধ্যে বৃষ্টি আরও অন্তত তিন দিন থাকবে। সারা দেশে এ অবস্থা চলবে আগামী বুধবার পর্যন্ত।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
