অবশেষে আমার স্বপ্নটা পূরণ হলো: সাকিব আল হাসান

মাঠের বাইরে হাজারটা প্রশ্ন, নেট দুনিয়ায় ভাইরাল বহু ছবি, গণমাধ্যমের কতশত বিশ্লেষণ– সাকিবের এক ‘দুবাইযাত্রা’ নিয়ে গত কয়দিন ধরে রীতিমতো লঙ্কাকাণ্ড। কিন্তু সাকিব আল হাসানকে কি আর এসবে পায়! সব সয়ে গতকাল ঠিকই সিলেটে ব্যাট হাতে দেখালেন ঝলক, খেললেন ৯৩ রানের দারুণ এক ইনিংস। দলকে জেতানোর পরদিন আজ সাকিবকে দেখা গেল ঢাকায় কালো-সবুজ গাউন গায়ে।

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব এখন অফিশিয়ালি গ্রাজুয়েট। রবিবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ২১ তম সমাবর্তনে উপস্থিত হন তিনি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এআইইউবি) ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘ক্রিকেটে যখন আমার অভিষেক হয়, ক্যাপটা যখন হাতে পেয়েছিলাম তখন যেমন মনেছিল, এতো বছর পর আজ সেই একই অনুভূতি কাজ করছে। ২০০৯ সালের দিকে আমার ক্রিকেট ক্যারিয়ারের তিন বছর হয়ে যাওয়ার পরও আম্মা যখন ফোন করতেন, তখন জিজ্ঞেস করতেন; আমার পড়াশোনার কি অবস্থা। আজ আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এ স্বপ্নটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশকিছু অর্জন আছে, কিন্তু এ গ্র্যাজুয়েশন আমার সবসময় স্বপ্ন ছিল।’

সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদের সদয় সম্মতিক্রমে সভাপতিত্ব করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি গ্র্যাজুয়েটদের মধ্যে সনদ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *