চাঁদ দেখা সাপেক্ষে ২৪ মার্চ শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান, যার সপ্তাহখানেক আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা গেছে বাজারে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার আগে থেকে চড়া কিছু পণ্যের পাশাপাশি রোজায় চাহিদা বাড়া দ্রব্য বিক্রি হয় বেশি দামে।
কোনটির দাম কত
পুরান ঢাকার সূত্রাপুর বাজার ঘুরে দেখা যায়, রমজানে বেশি কেনা হয় এমন সব পণ্যের দাম বেড়েছে। ছোলার দাম কেজিপ্রতি বিক্রি হয় ৯০ টাকায়, যা কয়েক দিন আগেও ছিল ৮০ থেকে ৮২ টাকা।
চিনির দামও ৫ টাকা বেড়ে বিক্রি হয় ১১৫ টাকা কেজিতে। ১০ ও ১৫ টাকা বেড়ে বুটের ডাল ও মসুর ডালের কেজি দাঁড়ায় ১৪০ টাকায়।
পাঁচ লিটার তেল কিনতে ভোক্তাকে গুনতে হচ্ছে ৯০০ টাকা। এক কেজি লাল মরিচ কিনতে হচ্ছে ৪৫০ টাকা, যা মাসখানেক আগেও ছিল ৩৮০ থেকে ৪০০ টাকার মধ্যে।
এক কেজি প্যাকেটের পোলাওর চাল ১৭০ টাকায় ঠেকেছে, যা ২০ দিন বা ১ মাস আগেও ছিল ১৫৫ থেকে ১৬০ টাকায়।
কী বলছেন বিক্রেতারা
সূত্রাপুর বাজারের তুষার স্টোরের জসিম উদ্দিন বলেন, ‘আমরা কী করব বলেন? দাম তো আমরা বাড়াই না। আমাদের দাম দিয়ে কিনতে হয়। তাই আমরা সেই দাম থেকে কিছুটা লাভ করে বিক্রি করি।
‘আমাদেরও তো লাভ করতে হবে। বেশি দাম হলে মানুষ কেনাকাটা কম করে। এতে তো আমাদের আরও লোকসান হয়। আগে দেখা যেত রোজা এলে মানুষ এক মাসের বাজার একসাথে করত, কিন্তু এখন কোনো রকম এক সপ্তাহ বা দুই-তিন দিনের বাজার করছে। এতে আমাদের বিক্রি আগের তুলনায় অনেক কমে গেছে।’
