অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- চায়ের রাজধানী ও পর্যটন এলাকা শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নির্বাচন না হওয়ায়, নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
শনিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শ্রীমঙ্গল চৌমুহনা চত্ত্বরে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়। উক্ত কর্মসূচিতে বর্ধিত এলাকার জনগণসহ পৌরসভার নাগরিকরা যোগ দেন। কর্মসূচি পালনকালে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রীমঙ্গল পৌরসভাটি ১৯৩৫ সালে ২ দশমিক ৫৮ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ পৌরসভাটি ২০০২ সালের ৪ ফেব্রুয়ারি ‘২য়’ শ্রেণি পৌরসভা থেকে ‘প্রথম’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। ১৯৮১ সালে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের গ্যাজেট প্রকাশিত হলেও দীর্ঘ ৩৯ বছরেও তা বাস্তবায়ন হয়নি।
উক্ত মানবন্ধন ও অবস্থান কর্মসূচিতে ‘শ্রীমঙ্গল পৌরসভা বর্ধিতকরণ ও নির্বাচন বাস্তবায়ন পরিষদ’ এর আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও তোফাজ্জল হোসেন ফয়েজের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. ইউসুফ আলী, ডা. হরিপদ রায়,
আওয়ামীলীগ নেতা আবু সহিদ আব্দুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সরফরাজ আলী বাবুল, সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায়, আশ্রিদ্রোণ ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর, উপজেলা জাসদের সভাপতি হাজী এলেমান কবীর, ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া, সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সর্বশেষ ২০১১ সালের ১৮ জানুয়ারি পৌরসভা নির্বাচন হয়েছিল। কিন্তু বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও সীমানা জটিলতার অজুহাত দেখিয়ে মেয়াদ পূর্ণ হওয়ার প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও পৌরসভার নির্বাচন না হওয়ার ক্ষোভ প্রকাশ করেন।
এসময় তারা অবিলম্বে প্রশাসক নিয়োগ করে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচনের দাবি জানান। কয়েক বছর আগে বর্ধিত এলাকার নাগরিকরা পৌরসভাকে কর প্রদান করলেও কিন্তু তারা পৌরসভার বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এমন অভিযোগ তুলে ধরে বক্তারা আরও বলেন, নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হলে পর্যটন নগরী শ্রীমঙ্গলের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে বর্ধিত এলাকা নিয়ে নির্বাচন করার দাবি জানান তারা।
