মঙ্গলবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরইমধ্যে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নায়িকার অনেক সহকর্মী। তাদের মধ্যে ব্যতিক্রম চিত্রনায়ক বাপ্পী চৌধুরী।
নায়ক সিনেমার এই নায়ক বুধবার দুপুরে তার ফেসবুকে মাহির একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় সন্তান কোলে নিয়ে তার দিকে অপলক তাকিয়ে শুয়ে আছেন মাহি। পাশেই দাঁড়িয়ে নায়িকার বর্তমান স্বামী রকিব সরকার।
ছবিটি পোস্ট করে চিত্রনায়ক বাপ্পী মাহিকে শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে মজা করে লিখেছেন, ‘আমার প্রথম হিরোইনের প্রথম বাচ্চা, আবার প্রথম পোলার জন্মদিনের তারিখ ধার্য করা হলো। Congratulations dear.’ সঙ্গে দিয়েছেন লাভ ইমোজি।
২০১২ সালে মাহির সঙ্গে জুটি বেঁধেই বাপ্পীর চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল। সিনেমাটির নাম ছিল ‘ভালোবাসার রং’। যেটি মাহিরও ছিল প্রথম অভিনীত চলচ্চিত্র। সে কারণেই বাপ্পী ফেসবুক পোস্টে মাহিকে তার প্রথম হিরোইন হিসেবে উল্লেখ করেছেন।
