তমা মির্জা খুবই আন্তরিক: আফরান নিশো

অবশেষে প্রথম সিনেমার শুটিং শুরু করেছেন অভিনেতা আফরান নিশো। নাটক, ওয়েব সিরিজ-সিনেমা থেকে এবার তাকে দেখা যাবে রূপালি পর্দায়। আর তার সঙ্গে সিনেমাতে নায়িকা হচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। সিনেমাটি পরিচালনা করছেন ‘পরাণ’ খ্যাত নির্মাতা রায়হান রাফী।

প্রথমবার চলচ্চিত্রে অভিনয় নিয়ে আফরান নিশো বলেন, প্রথমবার ফিচার ফিল্মে অভিনয় করছি। বড় সেট, বড় সবকিছু। সেট- লোকেশন সব মিলিয়ে অন্যরকম পরিবেশ। যে মাধ্যমেই কাজ করি না কেন, সব মাধ্যমেই অভিনয় করতে হয়। এখানেও তাই। অভিনয়ের জায়গাটা সুন্দর। দেখে দেখে শিখেছি।

যেভাবে অভিনয় করি সেভাবেই অভিনয় করব। টোটাল টিম এফোর্ট দিচ্ছে। আমিও টিমের একটা অংশ। শ্রম, সততা, ভালোবাসা এসব দিয়ে একটি কাজ সফল হয়। আমার এত দিনের ক্যারিয়ার, দর্শকদের কাছ থেকে প্রবল ভালোবাসা পেয়ে আসছি। আশা করছি আগামীতেও পাব।

পরিচালক রায়হান রাফী ও নায়িকা তমা মির্জার সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, তমা মির্জা খুবই আন্তরিক, ডেডিকেশন আছে, অভিনয় নিয়ে সিরিয়াস। তার সঙ্গে আমার প্রথম কাজ এটি। ব্যক্তি মানুষকে ভুলে গিয়ে চরিত্রকে প্রথম প্রায়োরিটি দিচ্ছেন। এটা ভালো দিক।

আর পরিচালক রায়হান রাফী ইয়াং। তবে তার অভিজ্ঞতা আছে। কাজ দিয়ে সেটা প্রমাণ করেছেন। মানুষ হিসেবেও ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *