সরকারের ব্যর্থতায় রাজধানী এখন বিস্ফোরণের নগরী: মির্জা ফখরুল

সম্প্রতি রাজধানীতে একাধিক বিস্ফোরণের ঘটনায় সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, আজকে দুর্ভাগ্য আমাদের। এই সরকারের ব্যর্থতার কারণে ঢাকা মহানগরী একটি বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে। বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে। গত কয়েক দিন ধরে শুধু বিস্ফোরণ হচ্ছে।

বুধবার (৮ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক র‌্যালিপূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল এই র‌্যালির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, গতকাল গুলিস্তানের বিস্ফোরণের ঘটনা ভয়াবহ। ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন নারীও ছিলেন। সীতাকুণ্ড, সাইন্সল্যাবেও বিস্ফোরণ হয়েছে। কেন এসব ঘটনা ঘটছে? এর কারণ সরকারের যেসব বিভাগ হয়েছে যাদের এসব দেখার কথা, নজরদারি করার কথা তারা কোন কাজ করে না, সব দুর্নীতির মধ্যে জড়িত। যার ফলে এসব ভবনগুলোতে কোন নিরাপত্তা নেই। আর আগুনকে প্রতিরোধ করার মতো কোন ব্যবস্থা নেই যার কারণে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটছে। আর মানুষ প্রাণ হারাচ্ছে। ঢাকা এখন বিস্ফোরক ও বিপদজনক নগরীতে পরিণত হয়েছে।

তিনি বলেন, ‘শুধু তাই নয় ঢাকা মহানগরের যে বাতাস, সেটাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত বাতাস। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডে প্রকাশিত ইকোনমিকস পত্রিকা বলছে, ‘দূষিত মহানগরকে ছাড়িয়ে এখন দুর্নীতির যে বাতাস, এটা এখন বাংলাদেশকে পুরোপুরি গ্রাস করে ফেলছে।’

এসময় ফখরুল আরও বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সরকারি দলের নারীরা নির্যাতন করছে। আজকে দুঃখ হয় কোন নারী সংগঠনকে প্রতিবাদ করতে দেখিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *