আমি ‘মায়া’ সিনেমাটি করছি না: পূজা চেরি

ক’দিন আগে নিজের ভুল বুঝতে পেরে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ঘরে ফিরেছেন নায়িকা পূজা চেরী। এরপর থেকেই শোনা যাচ্ছিল, এই সিদ্ধান্তের কারণে শাকিব খান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন তিনি। সরকারি অনুদানের সিনেমা ‘মায়া’র নায়িকা হিসেবে পূজার নাম ঘোষণা করেছিলেন শাকিব। কিন্তু জাজের সঙ্গে মিলে যাওয়ায় বাদ দিচ্ছেন তাকে।

এবার বিষয়টি নিয়ে সরব হলেন পূজা। সামাজিক মাধ্যমে জানালেন, ‘মায়া’ সিনেমাটি করছেন না তিনি। রোববার নিজের ফেসবুকে পূজা লিখেছেন, “বেশ কিছু অনলাইনে দেখছি, ‘মায়া’ সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, ‘মায়া’ সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।”

এরপর তিনি লিখেছেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। আশা করি, বিষয়টি এখানেই শেষ হবে।’

তবে এ প্রসঙ্গে কথা বলতে একাধিকবার মুঠোফোনে পূজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে সংবাদমাধ্যমকে ‘মায়া’ থেকে বাদ পড়ার গুঞ্জন প্রসঙ্গে পূজা বলেছিলেন, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’

ছবিটি নিয়ে কথা বলার পাশাপাশি সেসময় জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে অভিনয় না করার কোনো কারণ নেই। তাকে প্রস্তাব দিলে তার যদি পছন্দ হয় তবে অবশ্যই শাকিবের সঙ্গে অভিনয় করবেন তিনি। বিষয়টি নিয়ে এবার নেট দুনিয়ায়ও নিজের অবস্থান পরিষ্কার করলেন এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *