ঢালিউড সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ ৯ মাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকার পর ২০২২ সালের ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি।
এরপর প্রকাশ্যে আসে তার দ্বিতীয় বিয়ে ও সন্তানের খবর। চিত্রনায়িকা শবনম বুবলী ফাঁস করেন শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তানের কথা। এরপর তুমুল তোপের মুখে পড়েন শাকিব।
সামাজিকমাধ্যম থেকে শুরু করে চলচ্চিত্রপাড়াসহ সর্বত্র শাকিব খানকে নিয়ে নেতিবাচক চর্চা শুরু হয়। একদিকে বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তান, অন্যদিকে চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গে নয়া প্রেম ও বিয়ের গুঞ্জনে মুখরিত হয়ে উঠে সিনেমাপাড়া। এসবে আবার স্বেচ্ছায় অংশগ্রহণ করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
এতকিছুর পর আবারো নতুন সিনেমায় শাকিব খানের ফেরার খবর প্রকাশ হয়। বিভিন্নভাবে তাকে নিয়ে কিছু সিনেমার ঘোষণা আসে। শাকিব ভক্তরাও সমালোচনাকে পেছনে ফেলে চাতকের মতো চেয়েছিল তাদের প্রিয় নায়কের দিকে। কবে, কখন ফিরবেন শাকিব খান। কিন্তু এসব আশা, প্রত্যাশা, উচ্চাশা ও অপেক্ষার শরীরে জল ঢেলে সবাইকে আশাহত করলেন স্বয়ং শাকিব খান নিজেই।
দেশে ফেরার পর এই নায়কের একাধিক নতুন সিনেমার ঘোষণা এলেও সেগুলো ঘোষণাতেই সীমাবদ্ধ। কবে নাগাদ শুরু হবে নেই তার হাদিস। এরই মধ্যে জানা গেল, ‘প্রেমিক’ ও ‘কবি’ নামের ঘোষিত সিনেমা দুটি আর হচ্ছে না!
২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য প্রথমবারের মতো ৬৫ লাখ সরকারি অনুদান পান শাকিব খান। অনুদানের চেক হাতে পাওয়ার ৯ মাসের মধ্যে তথ্য মন্ত্রণালয়ে সিনেমা জমা দেওয়ার নিয়ম। ২০২২ সালের ২১ আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে গিয়ে সেই চেক গ্রহণ করেন শাকিব। কিন্তু এরপর প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও শাকিব খানের ‘মায়া’ সিনেমাটি শুটিং ফ্লোরেই গড়ায়নি। কবে নাগাত শুটিং শুরু হবে সে সম্পর্কিত কোনো খবরও পাওয়া যায়নি।
শাকিবের ‘মায়া’য় পূজা চেরির জড়ানোর কথা থাকলেও আর সেটা হচ্ছে না বলে খবর। অভিনেত্রীর সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দীর্ঘদিনের শীতল সম্পর্ক এখন স্বাভাবিক। তাই শোনা যাচ্ছে, শাকিবের সঙ্গে আর কাজ করছেন না পূজা! যদিও এ নিয়ে তাদের মন্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, নতুন সিনেমার খবর না থাকলেও ইউটিউবের প্রাপ্তিতেই বেশ উচ্ছ্বসিত শাকিব খান। তার ইউটিউব চ্যানেল ‘এসকে ফিল্মস’-এর সাবস্ক্রাইবার এখন ১১ লাখের বেশি। কাজের আপডেটের পাশাপাশি নিজের অভিনীত চলচ্চিত্রগুলোর ভিডিও ক্লিপস প্রকাশ করেন চ্যানেলটিতে। শাকিব ভক্তরা নিয়মিত চ্যানেলটি অনুসরণ করে। নিয়ম অনুযায়ী সাবস্ক্রাইবার ১০ লাখ পার হলেই ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেলটির কর্ণধারকে গোল্ডেন প্লে বাটন উপহার দেয়।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) শাকিব জানালেন, তিনিও পেয়েছেন। দেড় বছর আগে গোল্ডেন প্লে বাটন পেলেও অবশ্য প্রকাশ করেননি। বৃহস্পতিবার এসব উপহারের বাক্স খোলার ভিডিও প্রকাশ করেছেন শাকিব খান। সাবস্ক্রাইবারদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। তাঁর এই প্রাপ্তিতে উচ্ছ্বসিত ভক্তরা। মন্তব্যের ঘরে ভক্তরা সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শাকিব খানের তিনটি সিনেমা অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে চিত্রনায়িকা বুবলীর সঙ্গে ‘লিডার: আমিই বাংলাদেশ’। এ ছাড়া আছে ‘আগুন’ ও ‘অন্তরাত্মা’।
