এই বিশ্বাসটা আমার নিজের উপরই ছিল না: পলাশ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। তবে এই নাটকের চরিত্রের সুবাদে এখন কাবিলা নামেই বেশি পরিচিত।

মূলত এই নাটকের নির্মাতা কাজল আরেফিন অমির হাত ধরেই সহকারি পরিচালক থেকে অভিনেতা হয়ে উঠেছেন পলাশ। এজন্য এই নির্মাতার প্রতি বরাবরই কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সম্প্রতি কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ- সিজেএফবি আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পলাশ।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে এ অভিনেতা বলেন, ‘যেকোনো প্রাপ্তিতেই ভালো লাগে এবং আমার ব্যাচেলর পয়েন্ট টিমকে, আমার মেন্টর কাজের আরেফিন অমি ভাইকে — যে কিনা বিশ্বাস করেছিলেন, সাহস করেছিলেন যে, হয়ত পলাশকে দিয়ে কিছু একটা করা সম্ভব। যে বিশ্বাসটা আমার নিজের উপরই ছিল না। আর আমি কখনো চিন্তাই করিনি অভিনয় করব এবং অভিনয় করে সেটার জন্যে পুরস্কার পাব। এই বিশ্বাসটা আসলে আমার নিজের উপর ছিল না।’

নির্মাতা অমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পলাশ বলেন, ‘অমি ভাইকে ধন্যবাদ ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালটিতে কাবিলা নামের একটা চরিত্র সৃষ্টি করার জন্য এবং সেই চরিত্রটাতে আমাকে নেয়ার জন্য। এত মানুষের, এত দর্শকের ভালোবাসা আমি পাচ্ছি তার সব কৃতিত্ব কাজল আরেফিন অমি ভাইয়ের।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *