শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো কালচারাল জানালিস্ট ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আয়োজিত ‘২১তম পারফরমেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান।
বরাবরের মতো এ পারফরম্যান্স অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা পুরস্কার, বিশেষ পুরস্কারসহ চলচ্চিত্র, টেলিভিশন, সংগীত এবং ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে বছর সেরা পারফরম্যান্সের ভিত্তিতে সম্মাননা দেয়া হয়েছে।
২১তম এই আসরে অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। ছোট্ট ছেলে রাজ্যকে নিয়ে পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন নায়িকা। কোলে বসে অভিনেত্রী মায়ের পুরস্কার পুরস্কার গ্রহণ করেন ছোট্ট রাজ্য।
পুরস্কার গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে নিজের অনুভূতি ব্যক্ত করে পরীমনি বলেন, ‘এই অ্যাওয়ার্ডটা আসলে আমার জীবনে খুবই স্পেশাল হয়ে থাকবে। কারণ আজকে রাজ্য তার মায়ের অ্যাওয়ার্ড জীবনে প্রথম সে রিসিভ করেছে। ওকে নিয়ে আমি স্টেজে গিয়েছি। এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে জীবনে হয়ত আরও অ্যাওয়ার্ড নিব, কিন্তু এই মুহূর্তটা আমার জীবনে অনেক স্পেশাল হয়ে থাকবে।’
অভিনেত্রী আরও বলেন, ‘এইরকম সম্মাননা বা পুরস্কার কাজের প্রতি অনেক বেশি দায়িত্ব বাড়িয়ে দেয়। আর এইরকম একটা পুরস্কার হাতে নিয়ে যখন আমাকে কিছু বলতে বলা হয়, আমি কিছু বলতে পারিনা, আমি বোবা হয়ে যাই।’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। খবরটি প্রকাশ্যে আসে গত বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা।
