Home বিনোদন নকলের কথা জানতাম না, আমি হতাশ: তাহসান খান

নকলের কথা জানতাম না, আমি হতাশ: তাহসান খান

0
586

ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খানের গান ‘হারাই বহুদূরে’র মিউজিক ভিডিও। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুস্মিতা আনিস। গানটি নিয়ে বিতর্কের মুখে পড়েছেন তাহসান। কেননা এ গানের মিউজিক ভিডিওটি কোরিয়ান ব্যান্ড বিটিএসের এক সদস্যের গানের ভিডিওর নকল বলে জানা গেছে। এজন্য হতাশা প্রকাশ করেছেন তাহসান।

‘হারাই বহুদূরে’র ভিডিওটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ। এ ভিডিওর চিত্রনাট্য বিটিএসের সদস্য আরএমের বুনো ফুল থেকে নকল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিটিএস অনুরাগীদের পাশাপাশি কোরিয়ার সংবাদমাধ্যমেও বিষয়টি উঠে এসেছে।

এ প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘গানটির চিত্রনাট্য নকল করা হয়েছে, সে ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না।’

এ সময় হতাশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘বিষয়টি আমার জন্য খুবই হতাশাজনক, সেটিও একটি গানে যেখানে আমি মিনারের সঙ্গে কাজ করেছি। এক দশকেরও বেশি সময় আগে তার সঙ্গে আমি দুটি অ্যালবাম করেছিলাম। এ গানটিকে আমাদের দুজনের জন্যই হৃদয়গ্রাহী মুহূর্ত বলে ধারণা করা হয়েছিল।’

এ গায়ক গানটির নির্মাতাকে নিয়ে বলেন, ‘যখন আমি এ সম্পর্কে (প্ল্যাগারিজম) জানতে পারি, তখন তা আমার অনুভূতিকে সম্পূর্ণরূপে মাটি করে দেয়। আমি অবিলম্বে ভিডিও নির্মাতাদের তিরস্কার করি। আমি শুধু তাদের আমার কাছেই না, ভক্তদের কাছেও ক্ষমা চাইতে বলি।’

তবে তাহসান ক্ষমা চাইতে বললেও অস্বীকার করেছেন মিউজিক ভিডিওর পরিচালক নাহিয়ান। তিনি বলেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি কোনো ভুল করিনি। এটিকে বিটিএস দ্বারা অনুপ্রাণিত একটি পরিবেশনা হিসেবে দেখা যেতে পারে। আমরা ইতোমধ্যেই প্রশ্নবোধক অংশগুলো বাদ দিয়ে মিউজিক ভিডিওটি পুনরায় আপলোড করেছি। এটি কোনোভাবেই অনুলিপি নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here