Home প্রধান খবর কানাডা থেকে ছেলের অবস্থা জানালেন কুমার বিশ্বজিৎ

কানাডা থেকে ছেলের অবস্থা জানালেন কুমার বিশ্বজিৎ

0
158

টরন্টোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ ও নাঈমা সুলতানার ছেলে নিবিড় কুমারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

জানা গেছে, টরন্টোর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। তবে শঙ্কা এখনও কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক।

এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পেয়েই বাংলাদেশ সময় মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কানাডার উদ্দেশ্যে উড়াল দেন গায়ক।

দূরদেশ বিধায় সঠিক খবরাখবর নেওয়া তার কাছের মানুষজনের জন্য যেমন কঠিন, একই চিত্র গণমাধ্যমের ক্ষেত্রেও। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর নাগাদ জানা যায়, দুর্ঘটনায় গাড়িতে থাকা বাকি তিনজন মারা গেছেন। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন নিবিড়। টরন্টোর স্থানীয় হাসপাতালেই চলছে তার চিকিৎসা।

এদিকে ছেলের কাছে গিয়ে অবশেষে তার অবস্থা সম্পর্কে তথ্য দিলেন কুমার বিশ্বজিৎ। দেশের সংগীতাঙ্গনের একাধিক ব্যক্তিকে তিনি বার্তা পাঠিয়েছেন। জানিয়েছেন, নিবিড়ের অবস্থার উন্নতি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে গীতিকবি সংঘের সভাপতি শহীদ মাহমুদ জঙ্গী সোশ্যাল হ্যান্ডেলে বলেছেন, ‘বিশ্বজিৎ জানালো- নিবিড় আগের চেয়ে ভালো আছে। আলহামদুলিল্লাহ। চলুন দোয়া জারি রাখি। দুর্ঘটনায় নিহত শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্তর আত্মার মাগফিরাত কামনা করি।’

একই খবর দিলেন সংগীতশিল্পী কিশোর দাসও। তার সঙ্গেও কথা হয়েছে কুমার বিশ্বজিতের। সেই সূত্রে কিশোর বলেন, ‘নিবিড়ের অবস্থা উন্নতির দিকে। মহান সৃষ্টিকর্তার অশেষ দয়ায় নিবিড় গতকালকের চেয়ে এই মুহূর্তে ভালো আছে। নিবিড়ের কাকা অভিজিৎ দা ও ওর বাবা কুমার বিশ্বজিৎ স্যারের সঙ্গে কথা হলো। আগামী ৬ ঘন্টার ভেতর নিবিড়ের সার্জারি হবে।’

নিবিড়ের জন্য প্রার্থনা এবং গুজব না রটানোর অনুরোধ জানিয়ে কিশোর বলেছেন, ‘ঈশ্বর ওকে বাবা-মার কোলে সুস্থ ভাবে ফিরিয়ে দিক। সবাই ওকে আপনাদের আশীর্বাদ ও দোয়ায় রাখবেন। আর কেউ এই বিষয়ে ভুল কোনও তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াবেন না, এই অনুরোধ রইলো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here