ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস আজ (১৪ ফেব্রুয়ারি)। সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয় নানা আয়োজনে। দিবসটি উপলক্ষে নিজেদের অভিজ্ঞতা ভাগ করেছেন তারকারা। নুসরাত ফারিয়াও রয়েছেন এই দলে। সংবাদমাধ্যমকে তিনি শুনিয়েছেন রক্ত দিয়ে লেখা একটি প্রেমের চিঠির গল্প।
ফারিয়ার গল্পটি ছোটবেলার। তিনি তখন স্কুলে পড়েন। এমনটা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার স্কুলজীবনের এক বান্ধবী প্রেমে পড়ে এক ছেলের। সে কোচিং সেন্টারের সিঁড়িতে প্রতিদিনই দাঁড়িয়ে থাকত। তার চোখেমুখে ছিল মুগ্ধতা। শুরুতে অপলক তাকিয়ে থাকার মধ্যেই সবকিছু সীমাবদ্ধ ছিল। এর কিছুদিন পর সে চিঠি দেওয়া শুরু করল। চিঠি নিতে না চাইলে সিঁড়ি থেকে সে একচুলও নড়ত না। কী আর করা, বাধ্য হয়ে বান্ধবী তার চিঠি নিত। একদিন অন্যরকম এক চিঠি দিল। সে চিঠি ছিল রক্ত দিয়ে লেখা! এটা দেখে চমকে গিয়েছিল সে।’
ফারিয়া আরও বলেন, ‘অভিনয় করতে গিয়ে উপলব্ধি করেছি, ভালোবাসার প্রকাশ একেকজনের একেক রকম। কিন্তু অনুভূতির জায়গা সবারই এক, এর সঙ্গে অমিল খুঁজে পাওয়া কঠিন। হয়তো নিজের নয়, অন্য কারও ভালোবাসার কথা আমরা নানাভাবে তুলে ধরি। ভালোবাসার প্রিয়জনের জন্য হৃদয় কাঁপে কখনও, আবার রক্তক্ষরণ হয়।’
ফারিয়ার ব্যক্তিগত জীবনও ভালোবাসাময়। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, জীবনে একদিনও সিঙ্গেল ছিলেন না। প্রথম প্রেমের স্মৃতিচারণ করতে গিয়ে ফারিয়া বলেছিলেন, ‘আমি প্রথম প্রেম করেছিলাম ১৫ কিংবা ১৬ বছর বয়সে। ছোটকালের প্রেম। নীল কালিতে ছেলেটা আমাকে চিঠি লিখেছিলো, সেখানে খুব সুন্দর একটা গান লেখা ছিলো। আমি ভাবলাম, বাহ ছেলেটা তো কবি! কারণ আমি তখন গানটা সম্পর্কে জানতাম না। ওই সময় থেকে গেল ৩ ডিসেম্বর পর্যন্ত, আমি আমার জীবনে একদিনও সিঙ্গেল ছিলাম না।’
