ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সিনেমা, মিউজিক ভিডিও, বিজ্ঞাপনচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে তার কাজ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে সর্বমহলে।
এবার শারীরিকভাবে আরও ফিট হয়ে কাজে ফিরেছেন দীঘি। আগের দীঘিকে ভেঙে নতুনভাবে নিজেকে গড়েছেন। নতুনভাবে গড়তে শরীরের ওজন ৭ কেজি কমিয়েছেন দীঘি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সবার সামনে হাজির হতে যাচ্ছেন দীঘি। মূলত গায়ক তানজীব সারোয়ারের নায়িকা হয়ে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন এই অভিনেত্রী।
তানজীব সারোয়ারের গাওয়া ‘ভালো থাকার কারণ’ শিরোনামে একটি গানের ভিডিওতে মডেল হয়ে রোমান্টিক আবহে ক্যামেরাবন্দি হয়েছেন দীঘি। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুরও তানজীব নিজেই করেছেন। আর সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তরুণ ও জনপ্রিয় নির্মাতা উজ্জল রহমান। ফিল্ম ভ্যালি ও এর আশপাশের বিভিন্ন মনোরম লোকেশনে শুটিং হয়েছে গানটির।
এ সম্পর্কে নির্মাতা উজ্জল রহমান বলেন, ‘এর আগে দীঘি আউলা ঝাউলা শিরোনামের একটি গানে মডেল হয়েছিলেন। ওই ভিডিওটি আমি নির্মাণ করেছিলাম। গান ও ভিডিও দুটোই জনপ্রিয় হয়েছিল। আবারও দীঘিকে নিয়ে নতুন কাজটি করেছি। এটি একটি পিওর রোমান্টিক গান। কাজটি জন্য দীঘি ৭ কেজি ওজন কমিয়েছে। আমার বিশ্বাস বদলে যাওয়া দীঘিকে দেখে সবার ভালো লাগবে।’
