এবার শাকিবের মুখোমুখি হচ্ছেন অপু বিশ্বাস-বুবলী

ঢালিউডের শীর্ষনায়কখ্যাত শাকিব খান। গত ঈদুল ফিতরে সর্বশেষ মুক্তি পায় এই নায়ক অভিনীত ছবি ‘গলুই’ ও ‘বিদ্রোহী’। ‘গলুই’য়ে তাঁর নায়িকা ছিলেন পূজা চেরি। আর ‘বিদ্রোহী’তে বুবলী। এরপর শাকিব খানের আর কোনো ছবি মুক্তি পায়নি।

এবার এক বছর পর মানে আগামী রমজানের ঈদে শাকিবের কমপক্ষে তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এগুলো হলো- তপু খান পরিচালিত ‘লিডার আমিই বাংলাদেশ’, বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ এবং ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’।

তবে এই গল্পটা আসলে শাকিব খানের ছবি মুক্তি নিয়ে নয়, মজার বিষয়টি হলো ঈদে বড় পর্দায় শাকিব খানের মুখোমুখি হচ্ছেন তাঁর সাবেক দুই স্ত্রী অপু বিশ্বাস এবং শবনম বুবলী। অপু বিশ্বাসের সঙ্গে শাকিবের দাম্পত্য বিচ্ছেদ ঘটেছে ২০১৭ সালে। এরপর দুজনের দুয়েকটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছে এবং দর্শক এই সাবেক স্বামী-স্ত্রীর ছবি দেখেছে, তবে এ নিয়ে তেমন সাড়া পড়েনি দর্শকের মাঝে।

এবারের বিষয়টি অবশ্য অন্যরকম। কারণ গত বছর প্রকাশ পেয়েছে বুবলীকে শাকিব গোপনে বিয়ে করেছেন এবং তাঁদের দুই বছরের একটি সন্তানও রয়েছে। এই বিয়ে আর সন্তানের খবর প্রকাশের পর শাকিবের ভাষ্যমতে বুবলীর সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়ে গেছে।

মানে অপু ও বুবলী, দুজনই এখন শাকিব খানের প্রাক্তন স্ত্রী। আর এই আসন্ন রমজানের ঈদে বড় পর্দায় দুই প্রাক্তনের মুখোমুখি হচ্ছেন শাকিব খান। বিষয়টি নিয়ে এখন প্রদর্শক আর দর্শকের মধ্যে অন্যধরনের ভাব-আবেগ তৈরি হয়েছে। তাঁরা দেখতে চান পর্দায় শাকিবের কোন প্রাক্তন স্ত্রী সফলতার দৌড়ে কার চেয়ে এগিয়ে যান।

ঈদে অপু বিশ্বাসের ছবি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ মুক্তি পাচ্ছে। সরকারি অনুদানের এই ছবিটির প্রযোজক অপু বিশ্বাস। এতে অপুর নায়ক হলেন সাইমন সাদিক। অন্যদিকে এখন পর্যন্ত পাওয়া তথ্যমতে ঈদে বুবলীর আসছে দুটি ছবি। এগুলো হলো- ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘প্রহেলিকা’। প্রথম ছবিটিতে বুবলীর নায়ক হচ্ছেন শাকিব খান, দ্বিতীয়টির নায়ক মাহফুজ আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *