Home আলোচিত শাবানা আমার কাছ থেকে ‘ছুটির ঘণ্টা’ ছবি কেড়ে নিয়েছিল: অঞ্জনা

শাবানা আমার কাছ থেকে ‘ছুটির ঘণ্টা’ ছবি কেড়ে নিয়েছিল: অঞ্জনা

0
450

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল বাণিজ্যিক চলচ্চিত্র ‘ছুটির ঘণ্টা’। চলচ্চিত্রটির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন শাবানা। এই সিনেমা নিয়ে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সিনিয়র অভিনেত্রী অঞ্জনা।

রবিবার (০৫ ফেব্রুয়ারি) অঞ্জনা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ছুটির ঘণ্টা’ চলচ্চিত্রের মহরতের একটি ছবি পোস্ট করেছেন।

‘ছুটির ঘণ্টা’ ছায়াছবির মহরতের একটি ছবি পোস্ট করে অঞ্জনা লিখেছেন, ‘বিখ্যাত ‘ছুটির ঘণ্টা’ ছায়াছবির শুভ মহরতে আমি ও নায়করাজ রাজ্জাক ভাই এবং গাজী মাজহারুল আনোয়ার ভাই, আজিজুর রহমান ভাই। শাবানা আপা ফিল্ম পলিটিক্স করে ৪ দিন শুটিং হবার পরে ছবিটি আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। কিন্তু এই চলচ্চিত্রের প্রযোজক সত্য সাহা দাদা আমাকে দেয়া সাইনিং মানি ফেরত নেয়নি এবং ওনার প্রযোজনায় নির্মিত পরবর্তী চলচ্চিত্র “গুনাইবিবি” ছায়াছবিতে সেটা এ্যাডজাস্ট করেন। সত্যি ইতিহাস কেউ কখনো মুছে ফেলতে পারে না।’

অঞ্জনার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী লিখেছেন, ‘কোহিনূর’ নামের একটি ছবিতে ববিতা ম্যাডাম একদিন শুটিং করার পর বাদ পড়েছেন। পরদিন শাবানা ম্যাডাম সেই ছবিতে অভিনয় করেছেন। বাকিটা বুঝে নিন।’

অভিনেত্রী মুনমুন লিখেছেন, ‘ফিল্ম পলিটিক্স আগেও ছিল দিদি, তবে যারা এসব বেশি করত, তারাই সবার কাছে ভালো মানুষের মর্যাদা পেয়ে যায়।’

ঈদের ছুটি ঘোষণার দিন সবার অজান্তে স্কুলের বাথরুমে আটকে পড়ে ১২ বছরের খোকন। দীর্ঘ ১১ দিনের ছুটি শেষ হওয়ার প্রতীক্ষায় থেকে থেকে একটি নিষ্পাপ কচি মুখ কীভাবে ধীরে ধীরে মৃ’ত্যুর কোলে ঢলে পড়ে—সেই করুণ দৃশ্য তুলে ধরা হয়েছে ছুটির ঘণ্টা ছবিতে।

পরিচালক আজিজুর রহমান ১৯৮০ সালে নির্মাণ করেন ছবিটি। প্রযোজনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান সংগীত পরিচালক সত্য সাহা। ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী সুমন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, শাবানা, সুজাতা, শওকত আকবর, এ টি এম শামসুজ্জামান প্রমুখ।

ছবির পরিচালক, প্রযোজক এবং প্রধান কলাকুশলীরা আর বেঁচে নেই। শাবানা দীর্ঘদিন ধরে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। অঞ্জনার অভিযোগ বিষয়ে তাঁর মন্তব্য পাওয়ার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here