করোনা মহামারি কাটিয়েও সিনেমা হলে যখন দর্শক ফিরছিল না, তখন ইতিবাচক ভূমিকা রেখেছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। সিনেমাটি দিয়ে দর্শক ফিরেছিল প্রেক্ষাগৃহে। সেটি মুক্তির প্রায় বছরখানেক পর নতুন সিনেমার ঘোষণা দিলেন এ নির্মাতা। নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেবাশীষ বিশ্বাস জানান, শিগগিরই নতুন সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি।
সিনেমার নাম ‘তুমি যেখানে আমি সেখানে’। প্রধান চরিত্রে কারা থাকছেন, সেটা তখন জানাননি দেবাশীষ। সাধারণত নায়ক-নায়িকাকে সঙ্গে নিয়ে সিনেমার নাম ঘোষণা দেওয়া হয়। কিন্তু প্রথা ভেঙে আগে সিনেমার নাম ঘোষণা করেন দেবাশীষ। বিষয়টি বেশ আলোচনায় আসে।
এবার জানা গেল সিনেমার জন্য নায়িকা চূড়ান্ত করেছেন তিনি। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় অভিনয় করবেন শবনম বুবলী। পরিচালক দেবাশীষ বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় নায়িকার সঙ্গে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে।
দেবাশীষ বলেন, আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এই চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানায়। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। সে কাজটি করছে। ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমায় বুবলীকে স্বাগতম। তাকে নিয়ে প্রথমবার সিনেমা করতে যাচ্ছি। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।
বুবলীও সিনেমাটি নিয়ে আশাবাদী। তিনি বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’
নায়ক চূড়ান্ত না হওয়া সিনেমাটিতে বুবলীর পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, আফজাল শরীফ, কাবিলা, রেবেকা, শাহিন খান, চিকন আলী, হারুন কিসিঞ্জার, নাসিম শরীফসহ আরও অনেকে।
বর্তমানে চলছে চিত্রনাট্য তৈরির কাজ। আগামী মে মাসে সিনেমার শুটিং শুরু করার পরিকল্পনা করেছেন নির্মাতা।
দেবাশীষ বিশ্বাস নির্মিত প্রথম সিনেমা ছিলো ‘প্রেমের তাজমহল’। এই সিনেমাটি সেসময় সুপারডুপার হিট হয়েছিলো। সিনেমায় অভিনয় করেছিলেন সেসময়ের জনপ্রিয় অভিনেতা রিয়াজ এবং অভিনেত্রী শাবনূর। এরপর তিনি নির্মাণ করেন ‘শুভ বিবাহ’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘ভালোবাসা জিন্দবাদ-২’।
