৫ মামলায় জামিন পেলেন ইভ্যালির সিইও রাসেল

টাঙ্গাইল: টাঙ্গাইলে ৫টি চেক জালিয়াতির মাধ্যমে ৪৭ লাখ টাকার প্রতারণা মামলায় ইভ্যালির সিইও মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুনিরা সুলতানা এ জামিনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ফেন্সি খান জানান, ২০২২ সালে সদর উপজেলার রাসেদ্দুজ্জামান নামে এক ব্যক্তি বাদী হয়ে ৫টি চেক জালিয়াতির মোট ৪৭ লাখ টাকার প্রতারণার মামলা করেন। আজ সেই মামলায় ঢাকার কাশিমপুর কারাগার থেকে রাসেলকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়।

পরে তিনি ২টি এবং তার সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির ৩টি মামলার জামিন আবেদন করেন। আদালত ৫টি মামলায় আসামি রাসেলকে জামিন দেন।

প্রসঙ্গত, প্রতারণার অভিযোগে ইভ্যালির সিইও রাসেল এবং তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করেন আরিফ বাকের নামে একজন গ্রাহক। মামলার পরদিন বিকালে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়। ইতোমধ্যে সবগুলো মামলায় জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন শামীমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *