২০২১ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে যৌথভাবে সিয়াম আহমেদ (মৃধা বনাম মৃধা) ও মীর সাব্বির মাহমুদ (রাতজাগা ফুল) পুরস্কার পাচ্ছেন।
পরপর দুই বার সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তোলায় আলোচনার কেন্দ্রে রয়েছেন সিয়াম। তবে পুরস্কার পাওয়ার পরও পর্দার বাবা তারিক আনাম খানের জন্য কিছুটা মন খারাপ নায়কের।
সিয়াম একটি গণমাধ্যমকে বলেন, প্রতিটি পুরস্কার কাজের স্বীকৃতি হিসেবে অনুপ্রেরণা জোগায়। দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়ে ভালো লাগছে। তবে ‘মৃধা বনাম মৃধা’ সিনেমায় তারিক আনাম খান স্যার পুরস্কারটা পেলে আমার সবচেয়ে ভালো লাগতো। এই পুরস্কার তার প্রাপ্য।
আমার এই পুরস্কারটা আসলে তার জন্যই পেয়েছি। সিনেমার গল্পে বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার দুর্দান্ত অভিনয় পর্দায় একসঙ্গে বাবা–ছেলের রসায়ন এই প্রাপ্তি এনে দিয়েছে। সিনেমাটির গল্পকারসহ পুরো টিম এই পুরস্কারের অংশীদার।
‘মৃধা বনাম মৃধা’ সিনেমাটি মুক্তির পর তেমন ব্যবসা সফল হয়নি। পুরস্কার পাওয়ার পর এখন কী প্রত্যাশা করছেন?
এ বিষয়ে জানতে চাইলে সিয়াম আহমেদ বলেন, আমি চাই সিনেমাটি দর্শক বেশি বেশি দেখুক। তারা এখন সিনেমাটি দেখলে আমার ভালো লাগবে। একটি ওটিটিতে সিনেমাটি মুক্তি পেয়েছে। আশা করি বাবা-ছেলের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিয়ে সিনেমাটি দেখলে অবশ্যই ভালো লাগবে। এই সিনেমায় অভিনয় করে আমি জতীয় পুরস্কার পাচ্ছি এটা সত্যি অনেক আনন্দ ও ভালোলাগার।
