বহুল আলোচিত ‘হলি আর্টিজান’-এর ঘটনা নিয়ে বলিউডে নির্মিত হয়েছে ‘ফারাজ’ সিনেমা। এটি ৩ ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাবে। কিন্তু ফারুকীর ইচ্ছা— বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগে অথবা একইদিনে ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার।
আর একদিন পরই মুক্তি পাচ্ছে ‘ফারাজ’। কিন্তু সেইদিন মুক্তি পাচ্ছে না জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমা। বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, আমি এখন অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না।
‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।
এদিকে এ নিয়ে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ফেসবুক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, ‘তিন তারিখ শনিবার বিকেল মুক্তি দেওয়া গেল না। কারণ, আমরা এখনও সার্টিফিকেট হাতে পাইনি। এই অত্যন্ত খারাপ কাজটার প্রতিক্রিয়ায় আমরা অধৈর্য হতে পারতাম। কিন্তু আমরা পণ করেছি, ধৈর্য ধরার। কারণ, আমরা জানি, আমাদের লক্ষ্য কি।’
তিনি যোগ করেন, ‘আমাদেরকে দেরি করিয়ে দেওয়া হয়তো যাবে, আহত করা হয়ত যাবে, কিন্তু ভেঙে ফেলা যাবে না। কারণ, আমরা উঠে এসেছি এই জাতির দগদগে বাস্তব আর লাল-নীল স্বপ্নের অনেক গভীর থেকে।’
নির্মাতার ভাষ্য, ‘তিনের জায়গায় না হয় দশ হবে, কিন্তু বাংলার দামাল ছেলেদের দাবায়ে রাখতে পারবা না! আরেকটা কথা বলা দরকার, যে বা যারা আপিল কমিটি রায় দেওয়ার পরও বেআইনিভাবে সিনেমাটি এখনও আটকে রেখেছে তাদেরকে জবাব দিতে হবে, কোন কারণে আমাদের মুক্তিতে বিলম্ব ঘটানো হচ্ছে?’
