ফের কলকাতার জিতের কাছে উড়াল দিচ্ছেন মিম

টলিউড সুপারস্টার জিতের সঙ্গে দ্বিতীয়বার কাজ করছেন ঢাকার নায়িকা বিদ্যা সিনহা মিম। ছবির নাম ‘মানুষ’। পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমদ্দার। ইতোমধ্যেই ছবিটির সিংহভাগ শুটিং শেষ। বাকি আছে এক লট। যেটা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই শেষ হওয়ার কথা।

কিছুদিন আগেই তিনি কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন। আগামীকাল আবারও উড়াল দিচ্ছেন জিতের কাছে। তার আগেই মিম জানালেন এই নায়ক ও প্রযোজক প্রসঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা।

তবে নায়িকার ব্যক্তিগত অভিজ্ঞতা শোনার আগে একটু কাজের আলাপও হোক। ‘মানুষ’-এ কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে নায়িকা বলেন, ‘জিৎ ও সঞ্জয় সমদ্দার দুজনের সঙ্গে আমি আগেও কাজ করেছি। তাই অভিজ্ঞতায় খুব একটা হেরফের হচ্ছে না। তাছাড়া যেহেতু সঞ্জয় বাংলাদেশের নির্মাতা, তাই মনে হচ্ছে দেশের কোনো সিনেমায়ই কাজ করছি।’

জিতের সঙ্গে এর আগে ‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমায় কাজ করেছিলেন মিম। ফের জুটি হলেন। অভিনেতা এবং ব্যক্তি দুই রূপেই তাঁকে কাছ থেকে দেখেছেন মিম। তাঁকে নিয়ে মিমের পর্যবেক্ষণ এরকম, ‘জিৎ মানুষ হিসেবে অনেক ভালো। খুব মজার একজন মানুষ। আর অভিনয়শিল্পী হিসেবে খুব সিরিয়াস। নিজের চরিত্র, লুক, অভিনয় এসব নিয়ে সারাক্ষণ সিরিয়াস থাকেন।’

মিম জানান, ১ ফেব্রুয়ারি ঢাকা ছেড়ে শেষ লটের চিত্রায়ণ সেরে আগামী ৭ বা ৮ ফেব্রুয়ারি কলকাতা থেকে ফিরবেন তিনি।

জানান, যে কোনও ঈদে ছবিটি মুক্তি পেতে পারে। তবে তারিখ এখনও চূড়ান্ত নয়। এছাড়া বাংলাদেশে মুক্তির ব্যাপারে কোনও তথ্য দিতে পারলেন না এ নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *