নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তারই ধারাবাহিকতায় ‘জল পড়ে পাতা নড়ে’, ‘বাবুজি’, ‘শ্যাম পিরিতি’ গানের জুটি আঁখি আলমগীর এবং শওকত আলী ইমন ফের একসঙ্গে কাজ করলেন। গানের নাম ‘রাজকুমারী’।
গানটিতে সুর-সংগীতের পাশাপাশি কথাও লিখেছেন ইমন। এরমাধ্যমে দীর্ঘ দশ বছর পর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী দুই তারকা নতুন গান নিয়ে হাজির হচ্ছেন। গানের ভিডিওতে রাজকুমারী হয়ে আসছেন আঁখি।
গানটি প্রসঙ্গে এ গায়িকা বলেন, গানটি আমার খুবই পছন্দের। যেমনটি চেয়েছি গানটি ঠিক তেমনই হয়েছে। আমার মনের মতো আরও একটি গান বানিয়েছে ইমন। ভিডিওতে আমি নিজেই পারফরম করেছি। বড় আয়োজনে এর ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস শ্রোতা-দর্শকরা নিরাশ হবেন না।
তিনি আরও জানান, আগামী ঈদে গান ও ভিডিও আরটিভি মিউজিকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
আরটিভি’র বেঙ্গল স্টুডিও খোলামাঠে গানটির ভিডিও নির্মাণ হয়েছে।
গানটি প্রসঙ্গে শওকত আলী ইমন বলেন, আঁখির সঙ্গে আমার গানের কম্বিনেশনটা দারুণ। এর আগেও আঁখির কণ্ঠে আমার করা গানগুলো শ্রোতারা ভালোভাবেই গ্রহণ করেছেন। এবারো তাই করবে বলে আশাবাদী।





