আমার সঙ্গে তাদের আচার–আচরণ একেবারেই বন্ধুর মতো: সিয়াম

বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়ক সিয়াম আহমেদ। ঢাকাই সিনেমায় অভিনয় করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবার প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সিয়াম। আগামী মার্চের মাঝামাঝি নতুন এই সিনেমার শুটিং শুরু হবে।

শুটিংয়ের আগে চিত্রনাট্য পড়া, ছবির লুক, সেট ও চরিত্রের মহড়ার জন্য এখন কলকাতায় এই নায়ক। এক সপ্তাহ ধরে সেখানে কাজগুলো করছেন বলে জানা গেছে।

সিয়াম বলেন, বাংলাদেশের সিনেমা, সিনেমার শিল্পীদের নিয়ে তাদের অভিজ্ঞতা আছে। বাংলাদেশের মানুষের আন্তরিকতার প্রতি তাদের মুগ্ধতা কাজ করে। সেই আলোকে আমার সঙ্গে তাদের আচার–আচরণ একেবারেই বন্ধুর মতো। দারুণভাবে আমাকে সহযোগিতা করছেন সহশিল্পীরা।

কলকাতার নতুন এই সিনেমার নাম প্রাথমিকভাবে রাখা হয় ‘প্রতিপক্ষ’। সিয়ামের বিপরীতে অভিনয় করবেন আয়ুশী তালুকদার। সিয়াম ও আয়ুশী ছাড়া এই সিনেমায় আরও অভিনয় করছেন প্রসেনজিৎ, পূজা চ্যাটার্জি প্রমুখ।

এর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত। এটি প্রযোজনা করছে কলকাতার শ্যাডো ফিল্মস। আগামী ২৪ জানুয়ারি দেশে ফেরার কথা আছে সিয়ামের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *