এবার পুলিশ রূপে আসছেন নায়িকা পূর্ণিমা

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফোর শেষ করার আগেই নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছিলেন ‘হোটেল রিল্যাক্স’ নামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করবেন। ঘোষণা অনুযায়ী এবার সেই সিরিজ নির্মাণ শুরু করেছেন নির্মাতা।

প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করছেন তরুণ পরিচালক অমি। এতে দর্শকদের বিনোদন দেয়া ছাড়াও ব্যতিক্রম গল্প দেখানো হবে বলে জানিয়েছিলেন তিনি।

সম্প্রতি রাজধানীর পুরান ঢাকায় সিরিজটির শুটিং শুরু হয়েছে। যা আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে। ছয় পর্বের নির্মিতব্য সিরিজটিতে অভিনয় করছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা।

অভিনেত্রী শুটিংয়ের একটি ছবি পোস্ট করেছেন সোশ্যালে। এতে পুলিশের দৃশ্যে দেখা গেছে তাকে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১টায় ফেসবুক ভেরিফায়েড পেজে ছবিটি পোস্ট করেন নায়িকা। ছবিটি পোস্ট হতেই লুফে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে সবাই প্রশংসা করছেন প্রিয় তারকার।

‘মনের মাঝে তুমি’ সিনেমার নায়িকা সংবাদমাধ্যমকে বলেন, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছি। সব দেখে-শুনেই যুক্ত হয়েছি। এতে নির্মাতা যে গল্প তুলে ধরতে চাইছেন, আমার মনে হয়েছে এটি অন্যসব গল্পের থেকে ব্যতিক্রম। আমার চরিত্রটিও আলাদা। আশা করছি সিরিজে আমার চরিত্র ভালো লাগবে সবার।

নতুন এই ওয়েব সিরিজ সম্পর্কে অমি বলেন, ‘বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই।’

তার কথায়, ‘আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।’

জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারি অথবা মার্চে বঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম থেকে ‘হোটেল রিলাক্স’ ‍মুক্তি পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *