বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন অভিনয়ের জাদুতে মোহিত করেছেন বিশ্ববাসীর হৃদয়। বিভিন্ন অঙ্গনের মানুষজনের কাছে সমাদৃত তিনি। তারই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার তিনি উদ্বোধন করেন মেসি-রোনালদোদের খেলা।
সৌদি আরবের রিয়াদে কিং ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত এ ফুটবল খেলা উদ্বোধন উচ্ছ্বসিত অমিতাভ। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আমন্ত্রণে দেশটির অল স্টার ফুটবল দলের মুখোমুখি হয়েছিল পিএসজি ক্লাব। এতে পিএসজির হয়ে খেলেছেন লিওনেল মেসি, নেইমার, এমবাপেরা। অন্যদিকে অল স্টার ফুটবল দলে ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আমন্ত্রিত অতিথি হিসেবে এ প্রীতি ম্যাচটি উদ্বোধন করেন অমিতাভ। তিনি মাঠে নেমে হাত মেলান মেসি, নেইমার, এমবাপে, রোনালদোসহ অন্য খেলোয়াড়দের সঙ্গে। এতে ভীষণ আনন্দিত বিগ-বি। সেই আনন্দ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
নিজের টুইটারে অমিতাভ লিখেছেন, ‘রিয়াদে একটি সন্ধ্যা … কী দারুণ একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপে, নেমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং আমি আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উদ্বোধনের জন্য .. পিএসজি বনাম রিয়াদ সিজনস। অবিশ্বাস্য!’
এ ভিডিওতে দেখা যায়, মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন নেইমার, এমবাপ্পে, ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিসহ অন্য ফুটবলাররা। একে একে সবার সঙ্গে হাত মেলান অমিতাভ। তবে মেসির সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়িয়ে অমিতাভকে কিছু একটা বলতে দেখা যায়।
প্রিয় ফুটবলারদের সঙ্গে প্রিয় অভিনেতাকে দেখে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, ‘আপনাকে ঈর্ষা হয় স্যার।’ আরেকজন লিখেছেন, ‘স্যার, আপনি মেসিকে কী বলেছেন?’ যদিও এই প্রশ্নের উত্তর দেননি অমিতাভ বচ্চন।
গতকাল রাত ১১টায় রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রিয়াদ সিজন টিমকে ৫-৪ গোলে হারিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই ম্যাচে সর্বোচ্চ ২টি গোল করেছেন রোনালদো। এ জন্য তার হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
এ ছাড়া রিয়াদের হয়ে ১টি করে গোল করেন জ্যাং হুন সো ও তালিসকা। আর মেসি ছাড়া পিএসজির হয়ে গোল করেন মার্কুইনস, সার্জিও রামোস, কিলিয়ান এমবাপ্পে ও একিটিকে। পেনাল্টি মিস করা নেইমার জুনিয়র ছিলেন গোলহীন।
