ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখান থেকে দেশে ফিরেছেন ৮ জানুয়ারি। কিছুদিন বিশ্রাম নিয়ে এরইমধ্যে ভারতের কলকাতায় গিয়েছেন নতুন সিনেমার শুটিং করতে।
সেখানে গতকাল থেকে তিনি নায়ক জিতের প্রযোজনায় ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সিনেমার নায়কও জিৎ।
পরিচালনা করছেন বাংলাদেশি নির্মাতা সঞ্জয় সমাদ্দার। এ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, “কয়েক বছর বিরতি শেষে আবারও জিৎ দা’র সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত।
এবারের লটেই আমার শুটিং শেষ হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য আবারও কলকাতায় যেতে হবে।’
গত বছর ‘পরাণ’ ছাড়াও মিম অভিনীত রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমাটিও মুক্তি পায়। পরাণের মিমের বিপরীতে ছিলেন ইয়াশ ও রাজ, দামাল’-এ তার বিপরীতে ছিলেন সিয়াম ও রাজ।
এদিকে মিম ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েও নিয়মিত কাজ করছেন। হুমায়ূন আহমেদের পরিচালনায় মিম প্রথম ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন।
খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমাতে অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মিম গত বছর সাউথ-ইস্ট ইউনিভার্সিটি থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার জন্য শিক্ষামন্ত্রী ড. দীপু মনির হাত থেকে সনদ গ্রহণ করেন।
