জামিনে মুক্ত হলেন হাজী সেলিম

দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১টায় সেলিমের নেতৃত্বে কেন্দ্রীয় কারাগারের একটি টিম হাজী সেলিমের জামিনের কাগজপত্র নিয়ে বিএসএমএমইউতে প্রবেশ করেন। পরে বিএসএমএমইউ কর্তৃপক্ষের কাছে তাকে বুঝিয়ে দেন। সরিয়ে নেওয়া হয় কারা পুলিশের নিরাপত্তা।

তবে এখনো হাসপাতাল ছাড়েননি হাজী সেলিম। তিনি বিএসএমএমইউ’র ৬১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।

এর আগে গত ৬ ডিসেম্বর প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে জামিন দেন। একইসঙ্গে ১০ বছর দণ্ডের বিরুদ্ধে হাজী সেলিমকে আপিলের অনুমতি দেওয়া হয়।

আদালতে হাজি সেলিমের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, বারের সম্পাদক আব্দুন নূর দুলাল, সাইদ আহমেদ রাজা। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-৭ আসনের এই সংসদ সদস্যকে ১০ বছরের সাজা দেয় আদালত। ২০০৭ সালে দুদকের পক্ষ থেকে লালবাগ থানায় মামলাটি করা হয়। পরের বছরের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।

গত ২২ মে দুদকের করা মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য উচ্চ আদালতের নির্দেশে ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানি শেষে বিচারক শহীদুল ইসলাম তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *