মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে দুই হাজার টাকার বেশি বেড়েছে। নতুন দর অনুযায়ী প্রতি ভরি ভালো মানের স্বর্ণ কিনতে গ্রাহককে গুনতে হবে ৯৩ হাজার টাকার বেশি।
শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেয়।
এর আগে গত ৭ জানুয়ারি সবশেষ সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। তাতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৯০ হাজার ৭৪৬ টাকা। এতদিন দেশের বাজারে এটাই ছিল সর্বোচ্চ দাম।
বাজুসের ঘোষণা অনুযায়ী, রোববার থেকে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৩ হাজার ৪২৯ টাকা, যা গতকাল শনিবার পর্যন্ত যা ৯০ হাজার ৭৪৬ টাকায় বিক্রি হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৬ হাজার ৬০৫ টাকা। রোববার থেকে ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭৬ হাজার ৪৫৭ টাকায় বিক্রি হবে, যা ছিল ৭৪ হাজার ২৪১ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।
সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ৬১ হাজার ৮৭৮ টাকা।
টানা তিন দফা কমানোর পর গত বছরের ১২ নভেম্বর ২২ ক্যারেটের মূল্যবান স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়েছিল বাজুস, যা গত ১৩ নভেম্বর থেকে কার্যকর হয়।
ছয় দিনের মাথায় ১৭ নভেম্বর স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। পরে ৪ ডিসেম্বর আরও ৩ হাজার ৩৩ টাকা বাড়ানো হয়। গত ২৯ ডিসেম্বরও স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ে, ৭ জানুয়ারি বাড়ানো হয় ২ হাজার ৩৩৩ টাকা। সবশেষ শনিবার ভরিতে আরও ২ হাজার ৬৮৩ টাকা বাড়ানোর ঘোষণা এলো।
