আজ বুধবার সকালটা অন্যরকম হয়ে ধরা দিল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কাছে। কেননা দিনের শুরুতেই বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ফেসবুক পোস্টে উঠে এসেছে তার নাম।
ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নির্মিতব্য ‘পদাতিক’ সিনেমায় প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের ভূমিকায় দেখা যাবে চঞ্চলকে। ওই ছবি নিয়েই পোস্ট দিয়েছেন অমিতাভ। সেখানে অন্যদের পাশাপাশি চঞ্চলকেও শুভকামনা জানিয়েছেন তিনি।
দিনের আরম্ভ হতেই বিশ্বের অন্যতম শক্তিশালী এই অভিনেতার শুভাশিস পেয়ে বেশ উচ্ছ্বসিত চঞ্চল। সেই উচ্ছ্বাস ব্যক্ত করে তিনি বলেন, ‘এটা নিঃসন্দেহে খুব ভালোলাগার। ওনার মতো একজন কিংবদন্তি আমাকে নিয়ে এবং আমাদের কাজ নিয়ে লিখেছেন, শুভকামনা জানিয়েছেন। এটা আমার জন্য প্রেরণা। আমার জন্য বড় একটি ব্যাপার। যারা এতদিন ধরে আমার সঙ্গে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ এই শুভকামনা আমার জন্য বড় একটি অর্জন।’
এর আগে কলকাতা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত অতিথি হয়ে এক মঞ্চে দাঁড়িয়েছিলেন অমিতাভ ও চঞ্চল। সেসময় বিগ-বির সঙ্গে কথা হয়েছিল তার। সেই অভিজ্ঞতা ব্যক্ত করে পর্দার কালুয়া বলেন, ‘ওই চলচ্চিত্র উৎসবে ওনার সঙ্গে কথা হয় আমার। আমি পরিচয় দিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করি, ছবি তুলি। বাংলাদেশে যে তার কোটি কোটি ভক্ত রয়েছে সেটা বলি। উনি খুব খুশি হয়েছিলেন।’
এরইমধ্যে ‘পদাতিক’ সিনেমার কাজ শুরু হয়ে গেছে উল্লেখ করে সোনাই বলেন, ‘সিনেমাটির কাজ শুরু হয়ে গেছে। এ মাসের শেষের দিকে আমি যোগ দেব টিমের সঙ্গে।’
অমিতাভ তার ভেরিফায়েড ফেসবুকে অমিতাভ ‘পদাতিক’ ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, সবার জন্য শুভকামনা। হ্যাশট্যাগে লিখেছেন চঞ্চল চৌধুরীর নাম। এ ছাড়া সৃজিত মুখার্জীর নামও লিখেছেন হ্যাশট্যাগে।
চঞ্চলই প্রথম বাংলাদেশি অভনেতা যার নাম উঠে এসেছে অমিতাভ বচ্চনের পোস্টে। বিষয়টি চঞ্চলের শুভানুধ্যায়ী ও অনুরাগীদের আনন্দে উদ্বেলিত করেছে। এরইমধ্যে তারা চঞ্চল চৌধুরীকে অভিনন্দন জানিয়ে সেই ভালোলাগা প্রকাশ করছেন।
