বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা ছিল। প্রথম দিকে নির্বাচনের ফলাফল প্রশ্নবিদ্ধ হয়। পরে স্থগিত হয় সাধারণ সম্পাদকের পদ। এ নিয়ে উচ্চ আদালতে যেতে হয় সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের।
অবশেষে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। বর্তমানে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন নিপুণ আক্তার। তার দাবি, এফডিসির পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিপুণ বলেন, অনেক কাজ আমরা সমিতির মাধ্যমে করেছি। ১০৩ জন শিল্পীর ভোটাধিকার ফিরিয়ে দিয়েছি। তারা পরিচয়পত্র পেয়েছেন। যত সিনেমা মুক্তি পাচ্ছে আমরা সেগুলোর জন্য প্রমোশন করছি। সেটা যার সিনেমাই হোক না কেন।
এবারের বন্যায় আমরা ত্রাণ নিয়ে সিলেটে গিয়েছি। ঢাকা ৮৬ খ্যাত নায়িকা রঞ্জিতার পাশে দাঁড়িয়েছি। তাকে যতটা সম্ভব সহযোগিতা করেছি। কোনো শিল্পীর মেয়ের বিয়েতে টাকার প্রয়োজন, যতটুকু পারছি করছি। একজন শিল্পীর সন্তানের পড়ালেখার জন্য অর্থ দরকার, আমরা সমিতি থেকে কিছু দিচ্ছি।
তিনি বলেন, আপনারা এসে দেখুন, এফডিসির পরিবেশ আগের যে কোনো সময়ের চেয়ে ভালো। এফডিসি এখন শৃঙ্খলার মধ্যে চলছে। ছুটির দিন শিল্পী সমিতির অফিস বন্ধ থাকে। আগে এটা হতো না। কখনো কখনো রাতভর খোলা থাকত। তা হবে কেন? এটা তো সরকারি জায়গায়। নিয়ম মেনে চলতে হবে।
আরও পড়ুন-
