নতুন বছরের শুরুতেই আজমেরী হক বাঁধন আসছেন ওয়েব সিরিজ ‘গুটি’তে। এতে তাকে দেখা যাবে মাদক পাচারকারীর চরিত্রে। শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সাত পর্বের এই সিরিজটি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) চরকিতে মুক্তি পাবে।
এ সিরিজের প্রধান চরিত্রে আছেন আজমেরী হক বাঁধন। তিনি বেশ লম্বা সফরে আমেরিকায় ছিলেন। সেখান থেকে ফিরছেন আজ, গুটির মুক্তি উপলক্ষে প্রচারে যোগ দিতে।
বাঁধন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সকালে গুটির মুক্তি উপলক্ষে একটি আয়োজন রয়েছে। সেখানে অংশ নেবেন তিনি।
সিরিজটি পরিচালনা করছেন শঙ্খ দাশগুপ্ত।
আজমেরী হক বাঁধন এ সিরিজে যুক্ত হয়ে গণমাধ্যমে বলেছিলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং তা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে নারী চরিত্র প্রধান করে কাজ হচ্ছে। গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি।’
শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সাত পর্বের এ সিরিজটি আসছে ৫ জানুয়ারি। এ সিরিজে আজমেরী হক বাঁধন ছাড়া আরও অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, মৌসুমী হামিদ, নাসির উদ্দিন খান, আরিয়া আরিত্রা, টুনটুনি সোবহান, আরফান মৃধা শিবলু, মাহমুদুল আলমসহ অনেকে।
