কফির কাপে চুমুকের ভিডিওতে এলেন নুহাশ হুমায়ূন

প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন নির্মাতা হিসেবে পরিচিতি পেয়েছেন। গত বছর তার নির্মিত ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ দারুণ আলোচিত হয়। শুধু তাই নয়, তার নির্মিত ‘মশারি’ স্বল্পদৈঘ্যটি বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। নতুন বছরে ইউরোপের রটারড্যাম ও বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত হয়েছেন এই তরুণ নির্মাতা। এত আনন্দের খববের মাঝে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন নুহাশ হুমায়ূন।

ডেটিং অ্যাপ বাম্বলে নুহাশ হুমায়ূন এক তরুণীকে ‘কফির আমন্ত্রণ’ জানানো নিয়ে রোববার সন্ধ্যা থেকে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। নুহাশের সঙ্গে তরুণীর আলাপচারিতার স্ক্রিনশট ছড়িয়েছে ফেসবুকে।

দাবি করা হচ্ছে, এর মাধ্যমে নুহাশ ‘এক্সপোজড’ হয়েছেন। তরুণীকে উদ্দেশ করে নুহাশের বলা ‘কফি খাবা’ ঘুরছে নেট দুনিয়ায়।

এ ধরনের আলোচনার স্ক্রিনশট প্রকাশের সমালোচনাও চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের অভিযোগও তুলছেন অনেকে।

এসব আলোচনা-সমালোচনার মধ্যেই নুহাশকে দেখা গেছে টিকটক ভিডিওতে। হাতে ছিল এই মুহূর্তের অতি আলোচিত কফির কাপও।

ভিডিওতে নুহাশের সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। একজন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এবং অন্যজন সংগীতশিল্পী প্রীতম হাসান।

রোববার রাত পৌনে ১২টায় প্রকাশিত এই ভিডিওতে নুহাশের হাতে ছিল ধূমায়িত কফির মগ, প্রীতমের হাতে সফট ড্রিংকসের ক্যান। তাদের সমানে সুনেরাহর মুখভঙ্গীতে প্রশ্নবোধক অভিব্যক্তি।

ভিডিওতে ব্যবহার করা হয়েছে প্রীতমের গাওয়া ‘খোকা’ গানের দুটি লাইন- ‘আমার বন্ধু জানে সবই/কার সাথে খাও কফি।’

ভিডিওটি সুনেরাহর ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে। সোমবার বিকেল ৫টা পর্যন্ত ভিডিওটি সাড়ে ৬ হাজার বারের বেশি শেয়ার হয়েছে, এতে রিয়্যাকশন দিয়েছেন ২৭ হাজার ফেসবুক ব্যবহারকারী।

একই পেজ থেকে একই সময়ে নুহাশের জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে এবং পোস্ট করা হয়েছে ছবি। সেই ছবিতে পাওয়া গেছে নুহাশ, প্রীতম ও সুনেরাহকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *